সাসকাটুনে গাইলেন সাবিনা ইয়াসমিন

সাসকাটুনে গাইলেন কিংবদন্তি সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন। ২০ মে এডেন বোম্যান কলেজিয়েট মিলনায়তনে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রথমবারের মতো সংগীত পরিবেশন করেন জনপ্রিয় এ শিল্পী।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনার মাধ্যমে পর্দা উঠে ‘বাংলা নববর্ষ ১৪২৪’ উদ্যাপনের। তাঁরা সংগীত, নৃত্য, আবৃত্তিতে মাতিয়ে রাখেন দর্শকদের। বাংলা ছায়াছবির জনপ্রিয় গানের সঙ্গে ছিল ফ্যাশন-শো। ‘সব কটা জানালা খুলে দাও না আমি গাইব...’ দিয়ে সাবিনা ইয়াসমিন শুরু করেন সংগীতানুষ্ঠান। এরপর ‘ইশারায় শিস দিয়ে আমাকে ডেকোনা’, ‘মাঝি নাও ছাইড়া দে’, ‘সে যে কেন এল না, কিছু ভালো লাগে না’—এমন সব কালজয়ী গানগুলো পরিবেশন করেন তিনি। পরে সংগঠনের পক্ষ থেকে সাবিনা ইয়াসমিন এবং অন্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ)-এর সভাপতি জাকির হোসেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।