সাহিত্য আসরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসিক সাহিত্য আসরে নিউইয়র্কে বসবাসরত কবি, লেখক ও সাহিত্যিকসহ অতিথিরা
মাসিক সাহিত্য আসরে নিউইয়র্কে বসবাসরত কবি, লেখক ও সাহিত্যিকসহ অতিথিরা

যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ মার্চ বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে শুরু হয় সাহিত্য একাডেমির এবার সাহিত্য আসর। কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, ছড়াকার ছাড়াও বহু সাহিত্যানুরাগী ও শুভানুধ্যায়ী আসরে উপস্থিত ছিলেন।
একাডেমির পরিচালক মোশাররফ হোসেন ৮৮তম এই মাসিক অনুষ্ঠানের সূচনা করেন। ক্রমবর্ধমান অংশগ্রহণকারীর চাহিদা মেটাতে চলতি বছরের শুরুতেই বড় জায়গায় স্থানান্তরিত হওয়ার পরও এবারের অনুষ্ঠানে স্থান সংকুলান হচ্ছিল না। মেঝেতে বসে, দুজনে মিলে এক চেয়ার নিয়ে ও গাদাগাদি করে দাঁড়িয়ে থেকেও জায়গার অভাব দূর করা যাচ্ছিল না। অনুষ্ঠানের সময়সীমা বাড়ানোর পরেও তালিকাভুক্ত অনেকের পক্ষে শেষ পর্যন্ত লেখাপড়া বা কথা বলা সম্ভব হচ্ছিল না।
প্রতি মাসের শেষ শুক্রবার নিউইয়র্ক শহরের বেশির ভাগ সাহিত্যপ্রেমীই ভালোবেসে ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’-এর সাহিত্য আসরে হাজির হন। সেদিনের আসর শুরু হয় ‘বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ’ বিষয়ে তমিজ উদদীন লোদীর আলোচনা দিয়ে। বাংলা কথাসাহিত্যে মুক্তিযুদ্ধ কীভাবে উঠে এসেছে, তা নিয়ে তথ্যবহুল আলোচনা করেন তিনি। যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে সংগঠক কিরণ কবির বলেন, ‘খুব কাছে থেকে দেখেছি, কীভাবে রাজাকারদের দল অসহায় মানুষের ভিটেমাটি, দোকানপাট পুড়িয়ে চলে গেছে।’ লেখক সাদিয়া চৌধুরী পরাগ বলেন, ‘খেজুর কাঁটার বাগানে রক্তাক্ত অবস্থায় আমার স্বামীকে দেখতে পাই।’ অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে যত্নে লালন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এরপর ছিল গেল ফেব্রুয়ারি মাসে ঢাকায় বাংলা একাডেমির একুশের গ্রন্থমেলায় যেসব লেখকের বই বেরিয়েছে, তাঁদের প্রকাশিত গ্রন্থ পরিচিতি পর্ব। এতে অংশ নেন আবু সাঈদ রতন, মনিজা রহমান, খালেদ সরফুদ্দীন, সালেহীন সাজু, রওশন জাহান, পলি শাহীনা, আহমেদ হোসেন বাবু, ফারহানা ইলিয়াস তুলি, এইচ বি রিতা ও মাসুম আহমেদ।
আবু সাঈদ রতন তাঁর মাকড়সার জালে মুক্ত জীবন বইটির সঙ্গে সবাইকে পরিচিতি করিয়ে বলেন, ‘সাহিত্য একাডেমি প্ল্যাটফর্মটির প্রতি আমি কৃতজ্ঞ।’ মনিজা রহমান বলেন, ‘সাহিত্য একাডেমিতে এসে আবার কবিতা লেখা শুরু করি। তাই মেয়েটি আজন্ম পতিত থেকে গেল কবিতার বইটি প্রিয় সংগঠন সাহিত্য একাডেমি ও তার পরিচালক মোশাররফ হোসেনকে উৎসর্গ করেছি।’ খালেদ সরফুদ্দীনের বশীকরণ তাবিজ কথা থেকে ফেলে আসা স্মৃতি নিয়ে ছড়া পাঠ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সালেহীন সাজুর গোধূলির শেষ আলো বইটির পরিচয়ের শেষে জানান, ‘ছোটবেলা থেকেই লেখালিখি করছি। এখানে এসে সাহিত্য একাডেমি থেকে আরও উৎসাহ পাচ্ছি।’
রওশন জাহান সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে গন্তব্য পথ ও কিছু সঙ্গী থেকে নিজের কবিতা পাঠ করেন। সাহিত্য একাডেমিকে উৎসর্গ করা গভীর জলের কান্না বইটির পরিচয় তুলে ধরার পর পলি শাহীনা নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেন। ফারহানা ইলিয়াস তুলি পরাগায়নের পূর্বশর্ত বইটির কথা উল্লেখ করে বলেন, ‘কবিতা লেখার সময়ে আগে মা বুঝিয়ে দিতেন, এখন স্বামী সহযোগিতা করেন। তিনিও সাহিত্য একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানান।’ আহমেদ হোসেন বাবু সবার সামনে যুগল সমর্পণ বইটির পরিচয় তুলে ধরে লেখালিখির ক্ষেত্রে সাহিত্য একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন বই থেকে কবিতা পড়ে শোনান। এইচ বি রিতা তাঁর নতুন বইয়ের সঙ্গে সবাইকে পরিচয় করে দিয়ে নিজের লেখা পাঠ করেন। লিটল ম্যাগাজিন পঞ্চায়েত সম্পর্কে মাসুম আহমেদ বলেন, ‘এই ম্যাগাজিনে নর্থ আমেরিকায় বসবাসরত লেখকদের লেখা প্রকাশ পেয়েছে।’
লেখক হাসান ফেরদৌস তিনটি বইয়ের ওপরে আলোচনা করেন। নতুন বই নিয়ে আলোচনা করতে গিয়ে হাসান ফেরদৌস সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রবাসের লেখকেরা বিস্ময়কর সব বিষয় নিয়ে লিখছেন। তাঁদের দেখার ও অনুসন্ধানের চোখ তীক্ষ্ণ হচ্ছে।’ সাহিত্য একাডেমিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘একাডেমি এখন একটি পরিণত পর্যায়ে উন্নীত হয়েছে।’ প্রথমেই তিনি কবি ফকির ইলিয়াসের বই শহীদ কাদরীর দরবারের দ্যুতি বইটির কথা বলতে গিয়ে বলেন, ‘শহীদ কাদরি যখন বেঁচে ছিলেন আমরা তার গুরুত্ব বুঝিনি। এখন বুঝতে পারছি। তার দুটো দিক। কবি ও ব্যক্তি সত্তা। ফকির ইলিয়াস বোঝাতে চেষ্টা করেছেন শহীদ কাদরি কী অসাধারণ সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন। মানুষ শহীদ কাদরী ও কবি শহীদ কাদরীকে খুব আন্তরিকতার সঙ্গে বইটিতে আবিষ্কার করার চেষ্টা করা হয়েছে।’
এরপর লেখক আদনান সৈয়দের চেনা অচেনা শহীদ কাদরী বইটি সম্পর্কে হাসান ফেরদৌস বলেন, এখানে প্রয়াত শহীদ কাদরীর সঠিক জীবনী তুলে ধরা হয়েছে। বাংলা ভাষায় কবির জীবনী খুব একটা লেখা হয় না। যদিও বইটিতে মুদ্রণ প্রমাদ রয়েছে ও সম্পাদনায় দুর্বলতা রয়েছে তবু বইটি খুব গুরুত্বপূর্ণ।’ রওশন হাসানের কবিতার বই গন্তব্য পথ ও কিছু সঙ্গী সম্পর্কে তিনি বলেন, কবিতা লিখতে বুদ্ধির একটা ব্যাপার আছে। বাংলাদেশে খুব কম কবি কবিতা লেখায় বুদ্ধি ব্যবহার করেন। কবিতায় বুদ্ধির ব্যবহার নিয়ে আমি রওশনের প্রশংসা না করে পারছি না। আসলে কবিতার শক্তি শব্দ। শব্দের শক্তি সম্পর্কে যিনি সচেতন নন, তিনি কবি হতে পারবেন না।’
লেখক ও গবেষক আহমাদ মাযহার, অধ্যাপিকা হুসনেয়ারা বেগম, লেখক বিলকিস রহমান দোলা, আবৃত্তিকার নজরুল কবীর, লেখক নাসরিন চৌধুরী, এ বি এম সালেহ উদ্দীন ও কামাল উদ্দীন মিঠু সবাইকে শুভেচ্ছা জানিয়ে সময় স্বল্পতার কারণে লেখা পাঠ না করে সংক্ষেপে কথা বলেন।
নতুন প্রজন্মের নূহা কাওসার ও শান্তির আবৃত্তি সবার মন ছুঁয়ে যায়। শান্তি তার বাবা-মাকে নিয়ে নিজের লেখা ইংরেজি কবিতা শোনায়। কবি শহীদ কাদরীর বিখ্যাত কবিতা ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ পাঠ করেন নীরা কাদরী। এ ছাড়া সৈয়দ শামসুল হকের যুদ্ধ এবং যুদ্ধ নাটকের সংলাপের অংশবিশেষ শোনান অভিনেত্রী শিরীন বকুল।
আসরে নিজেদের কবিতা ও ছড়া পড়েন কাজী আতীক, মনজুর কাদের, সবিতা দাস, ওয়াহেদ হোসেন, ইশতিয়াক রুপু, হাসান আলী, সুরীত বড়ুয়া, শাম্মী আক্তার, কামরুন নাহার রীতা, লুৎফা শাহানা, সৈয়দ নাজমুল হাসান, শামীম আরা আফিয়া, যাকির এইচ মিয়া, মমতাজ বেগম আলো, সীমু আফরোজা, লিয়াকত আলী, আবুল বাশার, উইলি মুক্তি, তাহমিনা সাইদ, শাহীন ইবনে দিলওয়ার, মিশুক সেলিম, মুহাম্মদ আলী বাবুল প্রমুখ।
আবৃত্তিতে ছিলেন রানু ফেরদৌস, আনোয়ারুল হক লাভলু, মো. গোলাম মোস্তফা, পারভীন সুলতানা, নাসিমা আক্তার, নাজমুল হোসেন লোভান, লুবনা কাইজার প্রমুখ। এক সময়ের জাতীয় দলের ফুটবলার লোভান কবিতা আবৃত্তির আগে বলেন, নিউইয়র্কের সাহিত্য আসরে এত সুধীজনের উপস্থিতি দেখে তিনি অভিভূত।
আসরে আরও উপস্থিত ছিলেন রাহাত কাজী শিউলি, পপি কুলসুম, ফরিদা ইয়াসমীন, মুমু আনসারী, মো. এনামুল করিম, শামসাদ হুসাম, রিমি রুম্মান, তাহরীনা পারভীন, এজাজ আলম, গোপন সাহা, সুতাপা মন্ডল, মেহের চৌধুরী, ইমাম উদদীন চৌধুরী, নুসরাত কবীর, নিলুফার রেজা, রেজাউল হক, নিমনি চৌধুরী, শামীম আহমেদ, কানু দত্ত, শহীদ উদ্দীন, নাসিমা খান, সৈয়দ নাজমুল হাসান, সৈয়দ আইমান হাসান, মো. কাউসার আলী, মো. আলী কচি, মো. নাসির উদ্দীন, স্বপ্ন কুমার প্রমুখ।
সাহিত্য একাডেমির পক্ষ থেকে লেখক ফেরদৌস সাজেদীন, কবি তমিজ উদদীন লোদী ও প্রাবন্ধিক শামসাদ হুসামকে সাপ্তাহিক ঠিকানা পত্রিকা থেকে সম্মাননা পাওয়ায় তাঁদের অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি ফকির ইলিয়াস বলেন, ‘একতাই শক্তি। এত রাত পর্যন্ত এতগুলো মানুষ নীরবে বসে আছেন, এটি সাহিত্য একাডেমির অর্জন। লেখকেরা একেক পর এক সাহিত্য একাডেমিকে বই উৎসর্গ করেছে, সত্যি তা প্রশংসনীয়।’
ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, স্বাধীনতার ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন বলেন, সবার কবিতা, কথা, নাটকের সংলাপে যেন ‘স্বাধীনতা’ ফুল হয়ে ফুটেছে সাহিত্য একাডেমির ঘরটিতে।
প্রায় চার ঘণ্টা ধরে চলা অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ এবং আগামী আসরে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।