সাহিত্য একাডেমির আসরেও উঠে এল রোহিঙ্গা সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনায় অংশ নেন আসরের এক অতিথি
আলোচনায় অংশ নেন আসরের এক অতিথি

কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে হয়ে গেল সাহিত্য একাডেমির মাসিক ৮২তম আসর। সাহিত্য একাডেমি, নিউইয়র্ক-এর সমন্বয়ক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের প্রসঙ্গটি উঠে আসে সুরীত বড়ুয়ার আবেগময় কথা ও কবিতায়। এটিই ছিল আসরেরও মূল সুর।
সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান ও অধ্যাপক হুসনে আরা দম্পতি এই আসরে উপস্থিত হয়ে আসরটিকে আনন্দময় করে তোলেন। বাংলাদেশ প্রেসক্লাবে বসে বিদেশে সাহিত্যে চর্চার প্রসঙ্গে সাহিত্য একাডেমি, নিউইয়র্কের কথা বলে এসেছেন। কয়েক দিনের জন্য বেড়াতে গিয়েও তিনি সাহিত্য একাডেমিকে অনুভব করেছেন বলে জানালেন।
সাহিত্যিক ফেরদৌস সাজেদীন সাহিত্য একাডেমির এই ঘরটিকে সাহিত্যপ্রেমীদের তীর্থস্থান উল্লেখ করে আশা পোষণ করেন, হয়ত এই ঘরটিই হবে ভবিষ্যতে বাংলা সাহিত্য চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত! বেশি বেশি পড়া, সাহিত্য চর্চার পরামর্শ উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে।
দার্শনিক অধ্যাপক দেওয়ান আজরফের মেয়ে লেখিকা সাদিয়া চৌধুরী পরাগের সাহিত্য একাডেমিতে উপস্থিতি সবার হৃদয় ছুঁয়ে যায়। তিনি বলেন, ঠিকানা না জেনে পথঘাট না চিনে সাহিত্য একাডেমির নাম বলে বলে আপনাদের মাঝে চলে এসেছি। কাজী আতিকের পাঠক কবিতায়ও প্রসঙ্গটি মাত্রা পায়।
ইউএস বাংলা নিউজের সম্পাদক আবু সাঈদ রতন ছেলের জন্মদিন উদ্‌যাপনের আয়োজন রেখেও যথাসময়ে ছুটে এসেছেন সাহিত্য একাডেমির টানে। এদিনের আসরে বুদ্ধদেব বসুর অনুবাদে চার্লস বদলেয়ারের কবিতা পড়ে শোনান অভিনয়শিল্পী শিরীন বকুল। আসরে কবিতা পাঠ করেন স্বপ্ন কুমার, সনিয়া কাদির, পলি শাহিনা, লুতফা শাহানা, আবুল বাসার, আলমগীর বাবুল, জুলি রহমান, উইলি মুক্তি, তাহমিনা শহিল, নাসরিন চৌধুরী, পারভীন মোশারফ, এ বি এম সালেহউদ্দীন, কবিতা হোসাইন, ফরিদা ইয়াসমিন, ইশতিয়াক রুপু ও আহমাদ মাযহার।
সাহিত্যের উদ্দেশ্য সৃজনশীল বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে ঐক্যের বন্ধন ঘটানো। সাহিত্য মানেই একত্রে থাকা, মানবতাকে স্পর্শ করা। প্রত্যাশা পূরণে লেখালেখির প্রতি সবাই যেন আরও বেশি সচেতন, মনোযোগী ও প্রতিনিয়ত পড়াশোনার চর্চা করেন—সাহিত্য একাডেমির পরিচালক আসরে উপস্থিত সবার প্রতি এই আবেদন রেখে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।