সাহিত্য একাডেমির বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে নয় বছর পূর্তি উদ্‌যাপন করা হয়
কেক কেটে নয় বছর পূর্তি উদ্‌যাপন করা হয়

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীকে স্মরণ করার মধ্য দিয়ে ২৯ নভেম্বর জ্যাকসন হাইটসের এক মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’-এর নবম বর্ষপূর্তি ও ১০৮তম মাসিক সাহিত্য আসর।
অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে সাহিত্য একাডেমির একমাত্র উপদেষ্টা কবি শহীদ কাদরীকে স্মরণ করা হয়। একাডেমির পরিচালক মোশাররফ হোসেন বলেন, সাহিত্য একাডেমির পঞ্চম ও ষষ্ঠ বর্ষপূর্তিতে শহীদ কাদরী শুভেচ্ছা জানিয়ে চমৎকার লেখা লিখেছিলেন। তিনি এখন বেঁচে নেই। কিন্তু তাঁর লেখা, দিকনির্দেশনা আমাদের পথ চলতে অনুপ্রেরণা জুগিয়েছে। সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে। নবম বর্ষপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা বিশেষ সংখ্যা প্রকাশ করায়, তিনি সম্পাদক আবু সাঈদ রতন এবং যাঁরা উক্ত সংখ্যায় লেখা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের গুরুত্ব তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, ‘কাজী আতীকের মতো এমন অনেকেই আছেন, যাঁরা আগে লিখতেন, প্রবাসে আসার পর লেখা ছেড়ে দিয়েছেন। এই লেখকদের অনেকেই সাহিত্য একাডেমিতে এসে আবার লেখায় ফিরতে উৎসাহিত হয়েছেন। তাঁরা এখন পুরো উদ্যমে লিখছেন। নিউইয়র্কের বিভিন্ন পত্রিকায় তাঁদের সরব উপস্থিতি চোখে পড়ে। পেছনে অনেকেই সমালোচনা করেন। আমরা যদি আমাদের কাজটুকু সঠিকভাবে করি, তাহলে এসব সমালোচনা ধুয়ে মুছে যাবে। যারা কাজ করতে জানেন, তাঁরা ভালো কিছু উপহার দেওয়ার সক্ষমতা রাখেন এবং একদিন সাহিত্য একাডেমি সেটি পারবে। প্রাথমিক স্তর থেকেই যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে, তারাও আসে সাহিত্য একাডেমিতে। একদিন তারাই বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেবে। এটি সাহিত্য একাডেমির স্বপ্ন।’
বক্তব্যে আগামী বছর অনুষ্ঠেয় সাহিত্য একাডেমির দু দিনব্যাপী ‘শিল্প ও সাহিত্য’ সম্মেলনের আহ্বায়ক হিসেবে লেখক ফেরদৌস সাজেদীনের নাম ঘোষণা করেন মোশাররফ হোসেন। ছোট গল্পকার মনসুর আলীকে স্মরণ করে তিনি বলেন, তাঁর অনুপ্রেরণাতেই সাহিত্য একাডেমি যাত্রা করেছিল।
সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ বলেন, বাঙালি এখন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। তাঁদের জীবন কাহিনিগুলো যদি আমাদের সাহিত্যে উঠে আসে, তবে তা হবে এক বিরাট সাফল্য। সাহিত্য একাডেমি গত নয় বছর ধরে বিদেশের বুকে নিজ দেশের সাহিত্য রক্ষায় প্রশংসনীয় কাজ করছে।
ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান বলেন, ‘আজ সাহিত্য একাডেমি নয় বছর অতিক্রম করেছে। আমরা যারা প্রবাসে থাকি, তাদের জন্য এটি এক উল্লেখযোগ্য ঘটনা। গত নয় বছর ধরে এই ঘরটিতে আমরা একে অন্যের আন্তরিকতায় ঋদ্ধ হয়েছি। আমরা সবাই সবার কাছে ঋণী। এই ঋণ কোনো দিন শোধ হবে না, বাড়তেই থাকবে অসীমের পথে।’ তিনি শহীদ কাদরীকে নিয়ে তাঁর লেখা ‘তোমাকে প্রণতি হে কবি’ পাঠ করে শোনান। কাজী আতীক বলেন, ‘নবম বর্ষপূর্তিতে কথা বা কবিতা নয়, শুধু শুভেচ্ছা জানাব। আজ আমরা সবাই মিলে এই আনন্দ করব, গান শুনব।’
সোনিয়া কাদের বলেন, ‘আগামীকাল থেকে সাহিত্য একাডেমি দশ বছরে হাঁটা শুরু করবে। গত নয় বছরে আমার জীবনে অনেক পরিবর্তন এলেও, সাহিত্য একাডেমি সেই একই আলো ছড়িয়ে শৈশব থেকে যৌবনে পা রাখছে। একটি পিঁপড়াকে যে কেউ পায়ের নিচে পিষে ফেলতে পারে, কিন্তু একদল পিঁপড়াকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। আমরা, সাহিত্য একাডেমি সেই সুশৃঙ্খল পিঁপড়ার দল।’ ইউএস-বাংলা নিউজের সম্পাদক আবু সায়ীদ বলেন, ‘নয় বছরে উপস্থিত থাকতে পেরে গর্বিত বোধ করছি। সাহিত্য একাডেমির কাছে আমি কৃতজ্ঞ। সাহিত্য একাডেমির একটি বুলেটিন বের করব প্রতি তিন মাসে, যেখানে সাহিত্য একাডেমির সব তথ্য সংরক্ষিত থাকবে।’ সাহিত্য একাডেমির নিজস্ব ওয়েবসাইট বানানোর কথাও তিনি জানান।
এই আসরে মুমু আনসারী স্বরচিত রম্য রচনা পাঠ করেন। জেবুন্নেসা জ্যোৎস্না, তামান্না আহমেদ ও সাফওয়ান নাহিয়ান স্বরচিত কবিতা পাঠ করেন। ফেরদৌসী আবেদীন আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের কবিতা।
আসরে উপস্থিত ছিলেন উম্মে কুলসুম, রাহাত কাজী শিউলি, হোসনে আরা, তাহমিনা খান, সালেহীন সাজু, বেনজির শিকদার, শামস আল মমীন, আখতার আহমেদ, শাম্মি আক্তার, শামস চৌধুরী, আদনান সৈয়দ, আরিফ মাহমুদ, নিলুফার রেজা, মাসুম আহমেদ, সৈয়দ হাসমত আলী, লিয়াকত আলী, আহমেদ ছহুল, হাসান আলী, নাসির শিকদার, মোহাম্মদ জাহিদ হোসেন, নাসিরুল্লাহ মোহাম্মদ, পারভীন সুলতানা, তাহরীনা পারভীন, নাসিমা আক্তার, মো. এনামুল করিম, মো. সাদী, সেলিনা তুহিন, মনিরা মমতাজ, মাহবুবুল হক, বাবুল রোজারিও, মজিব হক, প্রতীপ দাশগুপ্ত, আবুল বাশার, রাজিয়া নাজমী, রেজাউল হক, আনোয়ার সেলিম, পারভীন হোসেন, আল মাসুদ, মিয়া জাকির, শাফী মাহমুদ, তানভীর রাব্বানী, হাবীবুর রহমান, আশরাফ জামান, এজাজ আলম, শামীম আহমেদ, কবিতা হোসাইন, মিশুক সেলিম, কামাল হোসেন, পলি শাহীনা প্রমুখ।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন ম্যারিস্টলা আহমেদ শ্যামলী। তাঁর সঙ্গে সংগীত পরিবেশনে অংশ নেন তাহরীনা পারভীন, শাম্মি আক্তার, নাসিমা আক্তার ও তাহমিনা খান। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।