সাহিত্য একাডেমির সাহিত্য আসর অনুষ্ঠিত

সাহিত্য একাডেমি নিউইয়র্কের ১০৩তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সাহিত্য আসর সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। সাহিত্য একাডেমির নিয়মিত সদস্য কবি ও লেখক আহমেদ হোসেন বাবুর অনাকাঙ্ক্ষিত ভাবে আমেরিকা ছেড়ে বাংলাদেশে চলে যাওয়ার ঘটনায়, এবারের আসরে সবার মন বিষাদে ভারাক্রান্ত ছিল।
আসরের শুরুতে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একাডেমির পরিচালক বলেন, ‘আহমেদ হোসেনকে খুব মিস করছি আসরে। অভিবাসন প্রক্রিয়ায় তাঁর মতো অনেকের জীবন ছিন্ন-বিচ্ছিন্ন। আহমেদ হোসেন তাঁর মেয়েকে নিয়ে উপস্থিত থাকতেন সাহিত্য একাডেমিতে। তিনি তাঁর মেয়েকে নিয়ে যখন সাহিত্য একাডেমিতে এসে স্বরচিত কবিতা পড়তেন, তখন তাঁর সঙ্গে আমি এবং আমরা সবাই স্বপ্ন দেখতাম। তিনি নেই আপাতত এখানে, কিন্তু তাঁর স্ত্রী, সন্তান আছেন আমাদের সঙ্গে।’
পরিচালক বলেন, ‘সাহিত্য একাডেমির পক্ষ থেকে আমরা সবাই আছি তাঁদের সঙ্গে। সাহিত্য একাডেমির সবাই মিলে আমরা একটি পরিবার। আহমেদ হোসেন সাহিত্য একাডেমি পরিবারের একজন। তিনি হাসিমুখে সবার জন্য কাজ করতেন। সাহিত্য একাডেমির পক্ষ থেকে তাঁর প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা করব। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে দেখেছি, তিনি ছিলেন একজন পরোপকারী অমায়িক মানুষ। আশা রাখি খুব দ্রুত তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।’
আহমেদ হোসেনের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘গত ১০ বছর ধরে বাবুকে ইমিগ্রেশন অফিসে নিয়মিত হাজিরা দিতে হতো। ১৮ জুন সকাল নয়টায় তাঁর কোর্টে হাজিরার তারিখ ছিল। কোর্ট থেকে তাঁকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। বাবুর হার্টের অসুখ ছিল। ডিটেনশন সেন্টারে গিয়ে ওষুধ দিয়ে আসি, কিন্তু দেখা করার সুযোগ পাইনি। খুব অল্প সময়ে তারা তাঁকে দেশের উদ্দেশ্যে উড়োজাহাজে তুলে দেয়। সে কথা বাবু এয়ারপোর্ট থেকে আমাকে কল করে জানিয়েছেন।’ আহম্মেদ হোসেন বাবুর স্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, এত স্বল্প সময়ে তারা তাঁকে দেশে পাঠিয়ে দিয়েছে যে স্ত্রী, সন্তানের সঙ্গে পর্যন্ত দেখা করতে দেয়নি। তিনি সবার কাছে সহযোগিতা এবং তাঁর জন্য দোয়া প্রত্যাশা করেন।
বিষণ্নতার এ আসরে আহম্মেদ হোসেন বাবুকে নিয়ে কথা বলেন ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান, লেখক সোনিয়া কাদের, নীরা কাদরী, অধ্যাপক হুসনে আরা, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, কবি ফকির ইলিয়াস, নাট্যব্যক্তিত্ব মুজিব বিন হক, আবৃত্তিকার আনোয়ারুল হক লাভলু, ইউএস বাংলা পত্রিকার সম্পাদক আবু সাঈদ রতন, শিশু-সাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, কবি শামস আল মমীন, লেখক আদনান সৈয়দ, লেখক কামাল হোসেন মিঠু, পপি কুলসুম, মোহাম্মদ আলী বাবুল, রওশন হক প্রমুখ। এবারের আসরে যাঁরা স্বরচিত লেখা ও কবিতা পাঠ করেছেন তাঁরা হলেন—ফেরদৌস সাজেদীন, মুমু আনসারী,
কাউসারী রোজী, এ বি এম সালেহ উদ্দীন, রওশন হাসান, বেনজির শিকদার, লুৎফা শাহানা, তাহমিনা খান, লিয়াকত আলী, জেবুন্নেসা জ্যোৎস্না, লুবনা কাইজার, সুরীত বড়ুয়া, ইশতিয়াক রুপু, কামরুন খানম, আবদুস শহীদ, সবিতা দাস, আহমেদ হোসেন বাবুর মেয়ে তামান্না আহমেদ শান্তি, পলি শাহীনা প্রমুখ।
আসরে পঠিত কবিতার ওপর আলোকপাত করেন কবি তমিজ উদদীন লোদী। শুরুতেই তিনি বলেন, ‘একটি বিষণ্নতার আবেশে আমরা সবাই আছি আজ। বাবু ছিলেন একজন অত্যন্ত বিনয়ী ও সরল মানুষ। নাগরিক জীবনে এ ধরনের মানুষ কম পাওয়া যায়।’
কবিতার আলোচনায় তমিজ উদদীন লোদী বলেন, ‘আমি যথেষ্ট আশাবাদী এবং আজকের কবিতাগুলো শুনে খুব ভালো লেগেছে। প্রত্যেকে কবিতার ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন। বোঝা যায় তাঁরা পড়ছেন এবং লিখছেন। নিজেদের আরও উত্তরণের দিকে নিয়ে যেতে তাঁরা সংকল্পবদ্ধ। আসরের অনেকেই আগের চেয়ে ভালো মানের কবিতা লিখছেন। সবার মধ্যে একটা প্রচেষ্টা, নিষ্ঠা ও নীরব প্রতিযোগিতা লক্ষ্য করছি। কবিতা, গল্প বা যেকোনো ধরনের লেখায় লেখককে নিমগ্ন থাকতে হয়। লেখকের কোনো গুরু নেই, গুরু হলো তার বই। লেখককে প্রচুর পরিমাণে পড়ে নিজেকে শাণিয়ে নিতে হয়।’ আসরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন—পারভীন সুলতানা, গোলাম মোস্তফা, আহমাদ মাযহার, আখতার আহমেদ রাশা, মারিস্টেলা শ্যামলী আহম্মেদ, মাসুম আহম্মেদ, নাসির শিকদার, শেলী জামান খান, ফারহানা ইলিয়াস তুলি, শুক্লা রায়, মমতাজ বেগম সুমী, মিশুক সেলিম, তাওহীদ জামান, বিলকিস আহম্মেদ, মো. লিটু আলম, শিবলী ছাদেক, নাসিমা আক্তার,
এইচ বি রিতা, জাকির মিয়া, আবুল বাশার, সৈয়দ আহমদ জুয়েদ, কাজী ইসলাম, আসমা খান প্রমুখ।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আসরের সমাপ্তি টানেন পরিচালক মোশাররফ হোসেন।