সাহিত্য একাডেমির ১১০তম আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য একাডেমির ১১০তম আসরে কবি, সাহিত্যিক ও অতিথিরা
সাহিত্য একাডেমির ১১০তম আসরে কবি, সাহিত্যিক ও অতিথিরা

সাহিত্য একাডেমি, নিউইয়র্কের ১১০তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত এই আসর সঞ্চালনা করেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। শুরুতেই তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান।
এবারের আসরের আলোচ্য বিষয় ‘কবিতার শক্তি’ নিয়ে আলোচনা করেন লেখক হাসান ফেরদৌস। তিনি বলেন, সম্প্রতি কবিতা নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। আমরা যারা কবিতা লিখি, পড়ি, শুনি, তাঁরা কি কখনো ভেবেছি যে-আমরা যে কবিতা লিখছি বাইরে তার কোনো প্রভাব আছে কিনা? সামাজিক গুরুত্ব আছে কিনা? এ প্রসঙ্গে তিনি ফয়েজ আহমেদ ফয়েজের ‘হাম দেখেঙ্গে বা আমরা দেখব’ কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, যে কবিতার কথা কিংবা গানের ভাষা প্রভাব ফেলেছিল ১৯৮৪ সালে ভারতের আন্দোলনে লাখো জনতার কণ্ঠে প্রতিবাদের ভাষা হয়ে। দুঃখের কথা, আনন্দের কথা, প্রেরণার কথা, বেদনার কথা-কবিতায় আমরা ব্যক্তিগত কথা বলি। মোদ্দা কথা, ভেতর থেকে আমরা যা অনুভব করি তা সুন্দর শব্দমালায় কবিতায় প্রকাশ করি। কবিতার শক্তি কীভাবে মানুষকে আন্দোলিত করে সে সম্পর্কে বলতে গিয়ে তিনি কয়েকটি ঘটনার উল্লেখ করেন। কমিক নাট্যকার আ্যরিস্টোফেনিসের বিখ্যাত নাটক ‘দ্য ফ্রগস’-এর কথা উল্লেখ করে বলেন, যুদ্ধের সময় যখন নেতারা হেরে যাচ্ছিলেন তখন তাঁদের দরকার পড়েছিল সেনাপতির। যুদ্ধের একজন নায়ক গেলেন মর্ত্যলোকে দেবতার কাছে সেনাপতি আহ্বান করতে। দেবতা জানতে চাইলেন, কাকে চাই? সেনাপতির উত্তর ছিল, কবিকে চাই। দেবতা বললেন, কবি কেন? সেনাপতি উত্তরে বললেন, নগর রক্ষার জন্য কবি চাই, কবি আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবেন।
কবিতার এমন-ই শক্তি যা মানুষকে একত্রিত করে, সম্মিলিত করে এবং অনুপ্রাণিত করে। যেমন, বাঙালি জাতি অনুপ্রাণিত হয়েছিল ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুন্দরতম কবিতায়—‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। যে অমর কবিতার শক্তি বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে শক্তি জুগিয়েছিল।
সাহিত্য একাডেমির এবারের আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার সম্প্রচারক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনিস আহমেদ। তিনি বলেন, এখানে না আসলে ঠিক অনুভব করতাম না এত সাহিত্যপ্রেমী, সাহিত্য সমালোচক, আলোচক যোগ দেন এই আসরে। তিনি বলেন, পাঠকের সঙ্গে লেখকের যে সংযোগ সেটি হলো সাহিত্য। কবিতা যদি কয়েকজন পাঠকের মনেও এক ধরনের আন্দোলন সৃষ্টি করতে পারে বা হৃদয়ে দোলা জাগাতে পারে, তাহলে সেটাই হয় সার্থক কবিতা। এর সম্প্রচার যদি কবি থেকে পাঠক পর্যন্ত যায় এবং পাঠক যদি অনুধাবন করতে পারেন, সেটি সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত যেকোনো অনুভূতি হতে পারে। কবিতা এই কাজটি করে আসছে বারবার। কবি যে ভাবনা থেকে কবিতা লেখেন, দেখা গেছে পাঠক সম্পূর্ণ বিপরীত ভাবনা থেকে কবিতাটি অনুভব করছেন, ভাবছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ পরে আজও আমাদের মনে আলোড়ন সৃষ্টি করছে। যদিও আমরা এখন রবীন্দ্রনাথের কালে বাস করছি না। এটাই হলো কবিতার সম্প্রসারণ বা কালোত্তীর্ণ হওয়া। স্বরচিত কবিতা ‘কবিতার কাঁচামাল’ পাঠের মধ্য দিয়ে তিনি আলোচনার সমাপ্তি টানেন।
প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ কয়েকজন প্রবাসীর ঘটনা তুলে ধরে বলেন, আমাদের আগে প্রবাসে কারা এসেছিলেন? কীভাবে এসেছিলেন? কেন এসেছিলেন? কোথায় এসেছিলেন? তাঁদের জীবন যাপনের ঘটনাগুলো লিখতে হবে, জানাতে হবে। এটাও সাহিত্যের অন্তর্ভুক্ত। আমরা এখন লিখে গেলে এটি ইতিহাস হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম জানতে পারবে তাঁদের। কবিতার ব্যাকরণ ও গল্প লেখার শৈলী জেনে সবাইকে লেখার অনুরোধ করেন তিনি আসরে। তিনি বলেন, লেখায় দেশের অনুভূতির সঙ্গে সঙ্গে বিদেশের অনুভূতিও যেন উঠে আসে।
কবি তমিজ উদ্দীন লোদী বলেন, আজ আসরে অভিভূত হয়ে কবিতা, গল্প, প্রবন্ধ শুনলাম। কবিতার শক্তির কথা জানলাম। লেখক আবু সায়ীদ রতনের পঠিত গল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, গল্পটি হৃদয়কে স্পর্শ করেছে। গল্পের যে ব্যাকরণ, শিল্প, উপকরণ রয়েছে, সেদিক থেকে গল্পটি যথার্থভাবে মনে দাগ কেটেছে। তিনি বলেন, সাহিত্য একাডেমিতে তরুণ যারা লিখছেন, তাঁদের মধ্যে সম্ভাবনা ও বিস্মিত হওয়ার ক্ষমতা আছে। তাঁরা পারবেন আমাদের নতুন নতুন লেখা উপহার দিতে। কবির জন্য নির্দিষ্ট কোনো পাঠ নেই। তবে একটি ভালো লেখার জন্য নতুনদের অনেক পাঠ করতে হবে, আত্মস্থ করতে হবে, তবেই তাঁর কবিতা শক্তিশালী হবে।
ঠিকানা পত্রিকার সম্পাদক মো. ফজলুর রহমান বলেন, সাহিত্য একাডেমি সৌরভ ছড়াচ্ছে। যে সৌরভ ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ফলশ্রুতিতে, আজকের আসরে অতিথি হিসেবে অধ্যাপক আনিস আহমেদকে পেলাম। কবিতার শক্তি নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হলো, সেটি থেকে নতুনেরা অনেক উপকৃত হবেন বলে তিনি আশা করেন। ভাষার মাস ফেব্রুয়ারিতে যাদের নতুন বই আসছে সবাইকে তিনি অভিনন্দন জানান। তিনি বলেন, সাহিত্য একাডেমি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সাহিত্য একাডেমি আমাদের জন্য যত জরুরি, সাহিত্য একাডেমির জন্য আমরা ততটা জরুরি নই।
লেখক এ বি এম সালেহ উদ্দীন আলোচনার শুরুতেই কবি মাইকেল মধুসূদন দত্ত, কথা সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রতিভাধর শিল্পী নায়ক রাজ্জাককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, সাহিত্য একাডেমি দশম বছরে পদার্পণ করেছে। সফলভাবে প্রতিটি আসর অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য একাডেমির আসন্ন সম্মেলনকেও মিলেমিশে সফল করে তুলবেন বলে তিনি আশাবাদী।
হুসনে আরা তাঁর জীবনের প্রথম প্রেম-প্রথম শিক্ষক, প্রথম শ্রেণি কক্ষ, প্রথম পাঠ্যবই, প্রথম শ্রেণি কক্ষের সহপাঠীদের নিয়ে স্মৃতিচারণ করে বলেন, তাঁদের মতো করে সাহিত্য একাডেমিকেও ভালোবাসি।
লেখক সুরীত বড়ুয়ার মতে, এপার বাংলা-ওপার বাংলায় যারা লেখালেখি করেন, সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের লেখা পড়লে আমরা সমৃদ্ধ হব। এই কথার সূত্র ধরে তিনি উল্লেখ করেন আবু সাঈদ আইউবের কথা। যিনি একজন উর্দুভাষী ছিলেন। শুধুমাত্র রবীন্দ্রনাথকে জানার জন্য তিনি বাংলা ভাষা আত্মস্থ করেন। আসরে উপস্থিত সবাইকে তিনি বইটি পড়ার পরামর্শ দেন।
আসরের সর্বশেষ আলোচক ফেরদৌস সাজেদীন বলেন, কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম, সাহিত্য একাডেমির এই ঘরটি পবিত্র হয়ে উঠেছে। আজকের আসর নানা দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। সাহিত্য একাডেমির স্বপ্ন শেষ অবধি মুক্তি পেতে যাচ্ছে। ‘সন্ধ্যা রাতের জানুয়ারি ও আসাদের শার্ট’ শিরোনামে স্বরচিত স্মৃতি গদ্যটি তিনি পাঠ করে শোনান।
এবারের আসরে যারা কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া পড়ে শোনান তাঁরা হলেন—নীরা কাদরী, কাজী আতীক, হোসাইন কবির, আবু সায়ীদ রতন, রাণু ফেরদৌস, সোনিয়া কাদের, সালেহীন সাজু, তাহমিনা খান, বেনজির শিকদার, লুৎফা শাহানা, মিশুক সেলিম, জেবুন্নেসা জ্যোৎস্না, শাহীন ইবনে দিলওয়ার, তাহমিনা শহীদ, মাসুম আহমেদ, রওশন হাসান, স্বপ্ন কুমার, আবদুস শহীদ, ফারহানা হোসেন, মোহাম্মদ নাসিরুল্লাহ, হাবীবুর হাবীব, কামরুন্নাহার রীতা, তামান্না আহমেদ, আনোয়ার সেলিম, সেলিনা আক্তার, মুহাম্মদ আলী বাবুল, পলি শাহীনা প্রমুখ।
আসরে আবৃত্তি করেন—মুমু আনসারী, পারভীন সুলতানা, তাহরিনা প্রীতি ও তন্ময় মজুমদার।
আসরে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন—উম্মে কুলসুম পপি, রাহাত কাজী শিউলি, এনামুল করিম দিপু, সাবিনা হাই উর্বি, মুজাহিদ আনসারী, শুক্লা রায়, এইচ বি রিতা, সাফওয়ান নাহিন, শেখ সোহেব সাজ্জাদ, পারভীন হোসেন, বীণা মজুমদার, সাহা পরিমল, ফাহাদ সোলায়মান, আবুল বাশার প্রমুখ।
সাহিত্য একাডেমির নিয়মিত কর্মসূচি বই পড়া কার্যক্রমের অংশ হিসেবে যথারীতি এই মাসেও বই আদান-প্রদান হয়েছে। এর তত্ত্বাবধানে ছিলেন বেনজির শিকদার। আসর শেষে কবি হোসাইন কবিরের ‘নিঃসঙ্গ পাতার বাঁশি’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং তামান্না আহমেদ শান্তির জন্মদিনের কেক কাটা হয়।