সাহিত্যের বিত্ত, ভোরমাখা রোদের পরাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা সময় এলে মানুষ তার লেখকজীবনের দিকে তাকায়। কেমন ছিল সেই যাত্রাপথ! কেমন ছিল শীতের শিহরণগুলো!

অনেক কথা মনে এলে কিছুই প্রকাশ করা যায় না। শুধুই ভাবনা বাড়ে। বেদনা বাড়ে। হাহাকার উড়ে যায় হাওয়ার সমান্তরাল। হাডসন নদীর তীর দিয়ে হেঁটে যাই। এর আগে হেঁটেছি টেমস নদীর পাড় দিয়েও। সুনসান নীরবতা-মনের ভেতর। কোথাও কেউ নেই! অথচ শত শত মানুষ হাঁটছে নদীর তীর ঘেঁষে। হাঁটি; হাঁটতে থাকি। আমি পেছনে একটি নদী ফেলে এসেছি। সেই নদীর নাম সুরমা। ভারত থেকে ‘বরাক’ নাম নিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। সেই সুরমা নদীর তীরে আমি বেড়ে উঠেছি। কেটেছে আমার শৈশব।

কৈশোর-যৌবনের একটি অংশ সেই নদীটির ছায়া দেখি আমি হাডসন নদীর বুকে। মনে পড়ে, নদীর কোনো দেশ নেই। এক ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ডে প্রবেশ করেও নিজ নাম নিয়েই থাকতে পারে। অথবা মানুষ বদলে দেয় নদীটির নাম। কিন্তু স্রোত একই থাকে; একই থাকে ঢেউ। একই থাকে উজান-ভাটির খেলা। আর মানুষ দেশান্তরি হলে পাল্টে নেয় নিজেকে। তাকে পাল্টে নিতেই হয়। না নিয়ে উপায় থাকে না। নাগরিক সভ্যতা আর ব্যস্ততার চাহনি মানুষের চাওয়া-পাওয়াকে বেশ ছোট করে দেয়। যে মানুষের বনের মতো উদার হবার কথা ছিল-সে ক্রমশ হয়ে যায় বনসাই।

একজন প্রকৃত মানুষ তার জন্মমাটির কাছেই হার মানে সবচেয়ে বেশি। মনে পড়ে, আমেরিকান কবি ডব্লিউ এস মারউইনের তিন মিনিটের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। বলেছিলাম, ‘আপনি কবি না হলে কি হতেন?’ চটপট জবাব, ‘কৃষক হতাম।’ ‘কেন?’, জানতে চাই। কবি বলেন, ‘কবিও চাষাবাদ করেন, কৃষকও চাষাবাদ করেন।’

বিমোহিত হই। আমি কি কৃষক হতে পারতাম! মায়ের কথা মনে পড়ে। মা আমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত থাকতেন; কীভাবে খাব-বাঁচব আমি এই দুনিয়ায়! বিষয়টি নিয়ে আমি কখনো যে ভাবিনি, তা নয়। ভেবেছি। তবে মায়ের মতো নয়। মা বরাবরই চেয়েছেন আমি যেন বেঁচে-বর্তে মানুষের মতো দাঁড়াতে পারি। আমি কি তা পেরেছি?

এই অভিবাসে একা হয়ে গেলেই খুব বেশি মাকে মনে পড়ে। জানি তিনি জায়নামাজে বসে তসবির দানায় হাত বোলাচ্ছেন, আর তাকাচ্ছেন আকাশের দিকে। আচ্ছা, মানুষ আকাশের দিকে তাকায় কেন? আকাশ থেকে মানুষ কী আহরণ করে? বিষয়টি নিয়ে আমি বেশ ভাবি।

যে পরবাসে থাকি, এখানে আমার ঠিকানা, বিত্ত, বৈভব, প্রতিপত্তি সবই গড়ে উঠেছে সাধ্যানুসারে। তারপরও কি যেন নেই। কিছু যেন নেই। কেন নেই? তবে কি নাড়ি-বিযুক্ত মানুষ চিরদিনই করে তার জন্ম-শিকড়ের সন্ধান!

মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। স্বপ্নও আমাকে দেখে। আমরা একে অপরের স্বজন হয়ে যাই। তারপর জিজ্ঞেস করি একে অন্যের কুশল। কুশল জানতে চাওয়া মানুষের স্বভাব। ফোন এখন মানুষের হাতের মুঠোয়; স্কাইপ, স্মার্টফোন কত কিছু। চাইলেই কাউকে দেখা যায় দূর-দুরন্ত থেকে। মা আমার সাথে বেশি কথা বলতে পারেন না। শুধু জানতে চান, ‘ভালো আছিস তো! নাতনিরা কেমন আছে? বউ?’ এর বেশি আর বলা হয় না তাঁর। বেশি বলা তাঁর স্বভাবও নয়। ‘তুই কবে দেশে আসবি?’, সে প্রশ্নও করা হয় না তাঁর। কারণ তিনি জানেন, আমার দায়িত্ব অনেক। দায় অনেক। ‘যখন সময় পাবি আসিস বাপু’, এটা তো তিনি বলেই রেখেছেন।

মনে পড়ে যখন দূরালাপ এত সহজলভ্য ছিল না, তখন তিনি চিঠি লিখতেন আমাকে। অপেক্ষা করতেন চিঠির। সে এমন এক দিন ছিল, যখন মাতৃচিঠির অপেক্ষায় আমারও কাটত না প্রহর। প্রথম যখন বিদেশে এলাম, তখনকার সময়ের মায়ের লেখা একটি চিঠি আমি বারবার পড়ি। ভাবি, আমি এখনো তাঁর কাছে খুব ‘ছোট্ট’ই রয়ে গেছি। কারণ, আমি চিরদিনই তো তাঁর বাপু!

তাঁর লেখা সেই চিঠি পড়তে পড়তে এখনো আমার পাঁজর ভেঙে আসে। কণ্ঠে জমা হয় পৃথিবীর সকল শব্দাবলি।

‘বাপু,

তোর শৈশবকালে তোকে খাইয়ে যে আমের বীজটি আমি পুঁতেছিলাম, সেই বৃক্ষটি এখন অনেক বড় হয়েছে। এবারই প্রথম এল আমের বোল। আমও ধরেছে বেশ। না, আমি সে আমগুলো খাব না। খেতে পারব না বাপু। ভেবেছি, আমের আচার করে রেখে দেব তোর জন্য। সুযোগ পেলে পাঠিয়ে দেব কারও সাথে।

তুই তো দেখিসনি, তোর রোপণ করা জবা গাছগুলোতে লাল টুকটুকে ফুল ফুটেছে অনেকগুলো। আমি প্রতিদিন ভোরে ফুলগুলোকে স্পর্শ করি। অনুভব করি তোর হাত। তুই যে হাত দিয়ে গাছগুলো লাগিয়েছিলি, তার ছায়া এখনো পড়ে আছে উত্তর বারান্দায়।

তুই ভালো আছিস তো? রান্না করে খেতে পারছিস তো?

খুব ভালো থাকিস বাপু আমার।

মা’

না, মা আমার পরবাসী জীবন চাননি। তিনিও আসতে চাননি পরবাসে। তারপরও নিয়তি, হায়! অভিবাসী মাল্যদান করেছে আমার গলায়। গেল বছর যখন তাঁকে দেখতে স্বদেশে গেলাম, তখনো তাঁর সেই শঙ্কা! ‘বউ-বাচ্চা নিয়ে দেশে চলতে পারবি তো! তোর কাছে টাকা-কড়ি আছে তো!’

একদিন আমাকে আর বউকে কাছে ডেকে আমাদের দু-হাত ভরে তুলে দিলেন বেশ কিছু টাকা। আমার তো চোখ ছানাবড়া! ‘এত টাকা তুমি পেলে কোথায়?’ তিনি হাসেন। বলেন, ‘জমিয়েছি।’ পাল্টা প্রশ্ন, ‘কেন আমার বুঝি জমানো থাকবে না!’ আমি হেসে উঠি। হাসে বউও। ‘টাকাগুলো তোমরা নিয়ে নাও।’ আমি বলি, ‘আমার কাছে তো চলার মতো টাকাকড়ি আছে।’ তাঁর জোরাজুরির সাথে কি আমি পেরেছি কখনো? কিছু টাকা নিয়ে নিই। কিছু টাকা নেয় বউও। মহাখুশি তিনি। ‘তোরা হোটেলে গিয়ে কিছু খেয়ে নিস।’ এখনো তাঁর ভাষায়, ‘ভাতের হোটেল’ যেখানে বিরিয়ানি পাওয়া যায়।

আমি হাডসনের তীর ঘেঁষে হেঁটে যাই। আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ছোট-ছোট ডিঙ্গিগুলো আমার খুব কাছ দিয়ে চলে যায়। নিয়ন বাতির আলো জানান দেয় সন্ধ্যা নামছে। এখন এখানে সন্ধ্যা। পৃথিবীর অন্য মেরুতে এখন ভোর হচ্ছে। মা ঘুম থেকে জাগছেন। তারপর প্রাত্যহিক রুটিনমাফিক বসছেন প্রার্থনায়। দুহাত তুলে বলছেন, ‘হে প্রভু, আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’

দুই.

আমি সেই প্রার্থনা সাথে নিয়ে আজও চলি। আমার এগিয়ে যাওয়ার সময়ের কথা আমাকে হাসায়; আমাকে কাঁদায়। লালকুঠিতে নিয়মিত আড্ডা দিই। সিলেটের লালকুঠি সিনেমা হলের নামডাক ছিল বেশ। তৃষ্ণা রেস্টুরেন্ট, সেখানে বিদিত লাল দাসের নেতৃত্বে বসে আমাদের আড্ডা। গীতিকার সিদ্দিকুর রহমান, গিয়াস উদ্দিন আহমদ, সৈয়দ মুফাজ্জিল আলী প্রমুখ আমার অনেক সিনিয়র। আমি সদ্য কলেজ পাশ করা যুবক। বাউল গান আমার মননে। গান নিয়ে কথা হয়। ভাব বিনিময় হয়।

১৯৮৫ সালের এক বিকেল। আমরা আড্ডা দিচ্ছি। এমন সময় আমাদের মাঝে এসে হাজির হন তরুণ বাউল ফিরোজ মিয়া। কথা চলতে থাকে। প্রায় সকলেরই টার্গেট আমি। তাঁরা আমাকে বাজিয়ে দেখতে চান। আমি কথার উত্তর দিতে থাকি।

গিয়াস ভাই ছিলেন খুব রসিক মানুষ। হু হু করে হাসতেন। আমাকে বলেন, ‘রাখো ফকির, তোমার বাউল গান। সাংবাদিকতা কর।’ আমি বলি, ‘কিন্তু আমি তো গান লিখতে চাই গিয়াস ভাই!’ কথায় যুক্ত হন ফিরোজ মিয়া। বলেন, ‘আপনাকে একটা প্রশ্ন করতে চাই।’ আমি বলি, ‘বলুন।’ তিনি বলেন, ‘আচ্ছা আপনি তো বন্ধু বন্ধু বলে গান লিখছেন। যদি আপনার বন্ধু আপনার সামনে একদিন চলে আসেন, তাহলে আপনি তাকে কী উপহার দেবেন?’

কথাটি আমাকে ভাবায়। বলি, ‘এর উত্তর আজ দেব না।’

সিদ্দিক ভাই বলেন, ‘তাকে সময় দাও ফিরোজ। ইলিয়াস ভেবে বলুক।’ মাথা নাড়েন সৈয়দ মুফাজ্জিল আলী। আমি বলি, ‘আগামী আড্ডায় জবাব দেব।’ পরের সপ্তাহে আবার আমাদের আড্ডা জমে। এর মাঝেই আমি এই গানটি লিখে ফেলি। হাতে লেখা কাগজ থেকে গানটি পড়ে শোনাই। ফিরোজ মিয়া চমকিত দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকেন। গিয়াস ভাই বলে ওঠেন, ‘তোমার হবে ফকির ইলিয়াস!’

আমি মাথা নিচু করি। বলি, ‘আমার মাথাটিতে হাত বুলিয়ে দিন প্রিয় অগ্রজ।’ বিদিত দা আমার মাথায় হাত রাখেন। আশীর্বাদ করেন। সবাই এক সাথে বলে ওঠেন, ‘তুমি লেখা চালিয়ে যাও ইলিয়াস।’ ফিরোজ মিয়া বলেন, ‘কোন সুর আছে আপনার সুপ্ত মনে?’ আমি গুন-গুনিয়ে গেয়ে উঠি। গিয়াস ভাই আবার বলেন, ‘বাহ!’

এই গানটিতে প্রথম কণ্ঠ দেন অকালপ্রয়াত বাউল ফিরোজ শাহ। গানটি দিচ্ছি এখানে প্রিয় পাঠক। গানটি আমার ‘হৃদে গাঁথা মালা’ (১৯৮৯) বইয়ে স্থান পেয়েছে।

‘’তোরা শোন গো সখিগন, বন্ধু আসিবে এখন

কোলাহল করিস না আমি বলি,

সাবধানে ফেলিও পায়ের তালি।

সারিবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে থাকিস

নীরব নিস্তব্ধ হয়ে বন্ধুরে দেখিস

তার রূপের ঝলকে, তোরা নাচিস পুলকে

বাসরে প্রদীপ দিও জ্বালি।।

ফুলবাসরে প্রাণবন্ধু করবে আরোহণ

চতুর্পার্শ্বে সখী তোরা দাঁড়াবে তখন

ধূপ লোবান আগর, লাল চন্দন আতর

আনন্দে তার অঙ্গে দিও ঢালি।।

তারপরে আমাকে তোরা সাজিয়ে দিও

হীরা আর স্বর্ণের অলংকার আমায় পরাইও

দিও শুভ্র বসন, হাতে মুক্তারই কাংকন

আমার বুকে দিও প্রেমের ডালি।।

প্রাণবন্ধুকে দেব আমি প্রেম উপহার

সবকিছু বিলিয়ে দেব চরণে তাহার

মিশব তার সাথে, আর দেব না যেতে

ইলিয়াস যাবে ভবের মায়া ভুলি।।’

গানের ভেতরে চলতে চলতে মনে হয়, আসলে কিছুই পারিনি। পারলে হয়তো কিছুটা তৃপ্ত হতে পারতাম।