সাড়ে চার লাখ কর্মজীবীর অতিরিক্ত বেকার ভাতা বন্ধ
যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের প্রায় সাড়ে চার লাখ কর্মজীবীর অতিরিক্ত বেকার ভাতা বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মহামারিতে কাজ হারানো কর্মজীবীদের অতিরিক্ত বেকার ভাতা পাওয়ার মেয়াদ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছিলেন। রক্ষণশীল রাজ্যগুলো বর্ধিত মেয়াদের এই ভাতা প্রদান বন্ধ করে দিয়েছে।
রক্ষণশীল নিয়ন্ত্রিত এসব রাজ্যের যুক্তি, কাজ হারানো কর্মজীবীদের বেকার ভাতা দেওয়া অব্যাহত রাখলে কাজে ফেরত যেতে তাঁদের মধ্যে অনীহা সৃষ্টি হবে। এ ছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মী সংকট সামাল দেওয়ার জন্য এসব রাজ্যে বেকার ভাতা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
আলাবামা, আইদাহো, ইন্ডিয়ানা, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ডাকোটা, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইওমিং রাজ্যে ১৯ জুন থেকে সপ্তাহে অতিরিক্ত ৩০০ ডলারের বেকার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। সেঞ্চুরি ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, এ কারণে সাড়ে চার লাখ কর্মজীবী তাঁদের অতিরিক্ত বেকার ভাতার সুবিধা হারাবেন।
আলাস্কা, আইওয়া, মিসিসিপি এবং মিসৌরি রাজ্যে গত সপ্তাহ থেকেই অতিরিক্ত বেকার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আরও ১৪টি রাজ্য এ গ্রীষ্মের মধ্যেই অতিরিক্ত বেকার ভাতা বন্ধ করার কথা জানিয়েছে। এর মধ্যে মনটানা ও ওকলাহোমা রাজ্যে বন্ধ হবে ২৭ জুন, মেরিল্যান্ড ও টেনেসি ৩ জুলাই অ্যারিজোনা ১০ জুলাই এবং লুইজিয়ানায় ৩১ জুলাই বন্ধ হবে। এর মধ্যে একমাত্র লুইজিয়ানা রাজ্যই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত। বেকার ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া অন্য সব রাজ্য রিপাবলিকান শাসিত।
এই সিদ্ধান্তের বিরোধিতাকারীরা বলছেন, কর্মী সংকটের কারণে বেকার ভাতা বন্ধ করায় কর্মজীবীদের আর্থিক সমস্যায় পড়তে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কর্মী না পাওয়ার কারণ হিসেবে লোকজন বলছে, এখনো অনেকেই কর্মক্ষেত্রকে পুরো নিরাপদ মনে করছেন না। এ ছাড়া বাড়িতে শিশু সন্তান দেখভাল করার ব্যবস্থা না থাকায় অনেক কর্মজীবী নারী ইচ্ছা থাকা সত্ত্বেও কাজে যোগ দিতে পারছেন না। গত দুই বছর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবাহ কার্যত বন্ধ থাকায় কর্মী সংকট দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
সেঞ্চুরি ফাউন্ডেশনের সিনিয়র ফেলো অ্যান্ড্রু স্টেন্টর বলেছেন, শ্রমবাজারের শক্তির সঙ্গে কর্মজীবীদের বেকার ভাতা প্রাপ্তির সংঘাত খোঁজার কোনো কারণ নেই। কর্মী পাওয়া যাচ্ছে না বলে কর্মজীবীদের বেকার ভাতার পরিমাণ কমিয়ে দেওয়া সম্পূর্ণ অমূলক বলে তিনি মনে করেন।
যুক্তরাষ্ট্রের কর্মজীবীরা রাজ্য পর্যায়ের বিমার মাধ্যমে তাঁদের কর্মহীনতার সময়ে কর্মহীন ভাতা পেয়ে থাকেন। করোনা মহামারি শুরুর সঙ্গে সঙ্গে কংগ্রেসে আইন করে নিয়মিত বেকার ভাতার সঙ্গে প্রথমে সপ্তাহে ৬০০ ডলার, পরে তা ৩০০ ডলার করে অতিরিক্ত দেওয়া হচ্ছিল। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বেকার ভাতার অতিরিক্ত ৩০০ ডলার সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার আইন পাস করেন।
উদারনৈতিক সংগঠনগুলো দাবি জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত অতিরিক্ত বেকার ভাতার মেয়াদ বৃদ্ধি করতে হবে। এ নিয়ে ডেমোক্রেটিক দলের উদারনৈতিক আইনপ্রণেতারাও একমত পোষণ করে আসছেন। রক্ষণশীলরা কংগ্রেসে এ নিয়ে বিরোধিতা করছে।
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার আগে অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ৭৪ লাখের কম কর্মসংস্থান বিরাজ করছে।
সেঞ্চুরি ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় দেড় কোটি কর্মজীবী এখনো বেকার ভাতার কোনো না কোনো সুবিধার মধ্য দিয়ে নিজেদের ব্যয় সামাল দিচ্ছেন। নিয়মিত বেকার ভাতার সঙ্গে দেওয়া অতিরিক্ত ভাতা বন্ধ করে দেওয়া হলে এসব কর্মজীবীদের বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।