সাড়ে ৪ কোটি ডলারে বিক্রি হলো পিকাসোর 'উপবিষ্ট নীলবসনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলো পিকাসোর সবচেয়ে পরিচিত প্রতিকৃতিগুলোর একটি নিউইয়র্কে নিলামে সাড়ে ৪ কোটি ডলারে বিক্রি হলো। চিত্রকর্মটির শিরোনাম ‘সিটেড ওম্যান ইন ব্লু ড্রেস’ (উপবিষ্ট নীলবসনা)। ছবির নারীটি পিকাসোর অন্যতম প্রেমিকা ডোরা মার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী ছবিটি লুট করেছিল। তবে তারা প্যারিস থেকে মোরাভিয়া যাওয়ার পথে ফরাসি প্রতিরোধ যোদ্ধারা বাধা দিয়ে তা কেড়ে নেয়।

২০১৫ সালে পিকাসোর চিত্রকর্ম ‘উইমেন অব আলজিয়ার্স’ ক্রিস্টি’জ নিলাম হাউসে ১৭ কোটি ৯০ লাখ ডলারে বিক্রি হয়। নিলামে কোনো একটি ছবি বিক্রির এটাই সর্বোচ্চ আর্থিক অঙ্ক।

‘উপবিষ্ট নীলবসনা’ একপর্যায়ে এক মার্কিন চিত্র সংগ্রাহকের হাতে যায় এবং ছয় বছর আগে ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়।

ডোরা মারের সঙ্গে পিকাসোর ৯ বছর তীব্র প্রেমের সম্পর্ক ছিল। উপবিষ্ট নীলবসনা ছবিটি পিকাসো আঁকেন ১৯৩৯ সালে। তখন তাঁর বয়স ৫৮ এবং ডোরা মারের ৩১ বছর।