সায়মা ওয়াজেদকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ তাঁকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা জানান।
উল্লেখ্য, সায়মা ওয়াজেদ হোসেনকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) শুভেচ্ছা দূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ডব্লিউএইচও-র দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং ডাব্লিউএইচও-র সিদ্ধান্ত ঘোষণাকালে বলেন, ‘অটিজম শনাক্তকরণে সায়মা স্বতঃস্ফূর্তভাবে ক্রমাগত যে শ্রম দিচ্ছেন তা প্রশংসনীয়। তা ছাড়া আক্রান্তদের দুর্ভোগ হ্রাসে ও সচেতনতা তৈরিতে তিনি তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন।’ গত এপ্রিলে ভুটানে একটি আন্তর্জাতিক কনফারেন্সে অটিজমসহ অন্যান্য নিউরো ডিসঅর্ডারের ওপর থিম্পু ঘোষণা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সায়মা।
অটিজম বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের জন্য ডাব্লিউএইচও সায়মা ওয়াজেদকে ২০১৪ সালের জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ডও দিয়েছিল। ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি