সি আর দত্ত স্মরণে যুক্তরাষ্ট্র আ.লীগের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সি আর দত্ত স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভায় নেতা-কর্মীরা
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) স্মরণে শোকসভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভায় দলের নেতা-কর্মীসহ প্রবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২৬ আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একুশের গলিতে এই শোকসভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। সিদ্দিকুর রহমান বলেন, প্রয়াত এই বীরের কাহিনি আমরা প্রায়শ শুনেছি। আজ তিনি আমাদের মাঝে নেই। আমাদের দায়িত্ব থেকেই আজকের এই স্মরণ সভার আয়োজন করেছি, যেন তাঁর আত্মা শান্তি পায়।

যুক্তরাষ্ট্র তরিকত ফেডারেশনের পক্ষ থেকে ইমাম কাজী কায়্যূম এই বীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, প্রয়াত মেজর সি আর দত্তের সঙ্গে আমাদের সম্পর্ক পারিবারিক। আমি তাঁর আত্মার শান্তি কামনায় এখানে এসেছি। তাঁর অনুপ্রেরণা আমাকে স্বাধীনতার পক্ষে আজীবন কাজ করার উৎসাহ সেই শৈশব থেকেই দিয়েছে।

সি আর দত্ত বাংলাদেশ সময় ২৫ আগস্ট সকাল সাড়ে নয়টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরোত্তম সম্মানে ভূষিত করে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।