সিংহের মুখ থেকে সন্তানকে ছাড়িয়ে আনলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রোমহর্ষক ঘটনাই বটে। বাড়ির উঠোনে হানা দিয়ে পাঁচ বছরের শিশুসন্তানের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এক পাহাড়ি সিংহ। কিন্তু মা বলে কথা! বিন্দুমাত্র ভয় না পেয়ে রুখে দাঁড়ালেন। শক্তিশালী মাংশাসী প্রাণীটির সঙ্গে রীতিমতো লড়াই করে সন্তানকে রক্ষাও করলেন তিনি।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন এলাকার কাছে একটি বাড়িতে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পিটকিন কাউন্টি শেরিফের কর্মকর্তারা জানান, শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাক, মুখ ও মাথায় আঘাত পেলেও তার অবস্থা এখন ভালো।
শেরিফের ডেপুটি মাইকেল বাগলিওন বলেন, সিংহের মুখে শিশুসন্তানকে দেখে সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন মা। সিংহের একটি পা আঁকড়ে ধরেন। একই সঙ্গে নিজের ডান হাত পশুটির মুখে ঢুকিয়ে সন্তানের মাথা বের করে আনেন। এতে মা নিজেও কিছুটা আহত হন।
কলোরাডো অঙ্গরাজ্যজুড়েই লোকালয়ে পাহাড়ি সিংহের আনাগোনা বাড়ছে। ধারণা করা হয়, সেখানে এ বন্য প্রাণীটির সংখ্যা সাড়ে চার হাজারের মতো। প্রাণীটির আসল নাম কুগার। তবে এটি এলাকাভেদে মাউন্টেন লায়ন (পাহাড়ি সিংহ), পুমা বা প্যানথার নামেও পরিচিত।