সিআইএ: ষড়যন্ত্রের ৭০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিআইএর সদর দপ্তরে কর্মকর্তারা
সিআইএর সদর দপ্তরে কর্মকর্তারা

‘সত্য জানার অধিকার তোমার আছে, আর সত্যই তোমাকে মুক্ত করবে’। অঘোষিত এ আদর্শ নিয়ে ১৯৪৭ সালে যাত্রা করে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ১৮ সেপ্টেম্বর ছিল বহুল আলোচিত এ সংস্থার ৭০ তম জন্মদিন। 

১৯৪৭ সালে ট্রুম্যান প্রশাসনের অধীনে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় জন্ম হয় সিআইএর। জন্মের পর থেকেই কোরীয় যুদ্ধ, কঙ্গো কিংবা ইরানের সরকার উৎখাত করে একনায়কদের অধিষ্ঠিত করার মধ্য দিয়ে অগ্রসর হয় সংস্থাটি। আজকের আফগান-সিরিয়ায় যুদ্ধ কোথায় নেই সংস্থাটি। মার্কিন স্বার্থসিদ্ধির প্রয়াসে এ সংস্থা যেমন সৃষ্টি করেছে প্রকাশ্যে আমেরিকা-বিরোধী গোষ্ঠী আল কায়েদার মতো জঙ্গিগোষ্ঠী, তেমনি কিউবার নেতা ফিদেল কাস্ত্রোকে হত্যায় হাত মিলিয়েছে শীর্ষ মাফিয়ার সঙ্গেও। ৭০ বছর বয়সী এ সংস্থার ইতিহাস তাই ষড়যন্ত্রেরও ইতিহাস।
মার্কিন টিভি ব্যক্তিত্ব ও ‘ফোনিক্স প্রোগ্রামের’ লেখক ডগলাস ভ্যালেন্টাইন সিআইএকে ‘মার্কিন সরকারের সংগঠিত অপরাধ সংস্থা’ হিসেবে উল্লেখ করেছেন। মার্কিন পত্রিকা লারস শেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিআইএ যা কিছুই করে, সব বেআইনি। কারণ সরকার সংস্থাটিকে এক অচ্ছেদ্য গোপনীয়তা অবলম্বনের এখতিয়ার দিয়ে রেখেছে। সংস্থাটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন অপরাধী সংগঠনের ব্যবস্থাপকের কাজ করে। উদাহরণস্বরূপ কিউবার নেতা ফিদেল কাস্ত্রোকে হত্যার জন্য সংস্থাটি আমেরিকার শীর্ষ মাদকদ্রব্য চোরাচালানকারী সান্তো ত্রাফিকান্তেকে নিয়োগ করেছিল। এর বিনিময়ে সান্তোকে কয়েক টন মাদকদ্রব্য আমেরিকায় আনার ছাড়পত্র দিয়েছিল সংস্থাটি। এটা একটা উদাহরণ মাত্র। মাফিয়া থেকে শুরু করে সব ধরনের অন্ধকারের শক্তির সঙ্গেই এর লেনদেন রয়েছে।’
কিন্তু এর গোপনীয়তার দেয়াল এতই শক্তিশালী যে, শেষ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ এর বিরুদ্ধে উত্থাপন করা যায় না। যেকোনো অভিযোগই অস্বীকার করতে পারে সংস্থাটি। সিআইএর অবসরপ্রাপ্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা টম ডনোহই স্বয়ং এর ভিত্তিটি তুলে ধরেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিআইএ এমন কিছুই করে না, যা অস্বীকারের ক্ষমতা তার নেই।’
সিআইএর জন্মদিনে টুইটার পোস্টে সংস্থাটিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে এয়ার ফোর্স ওয়ানেরও জন্মদিন। আমেরিকার সমরশক্তির অন্যতম এ অঙ্গকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। প্রেসিডেন্ট হিসেবে এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। তবে এটা তো নিশ্চিত যে, ট্রাম্প প্রশাসনের কাছে সিআইএ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে এ গুরুত্ব আরও বাড়ার কথা। বিশেষ করে উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে সংস্থাটির প্রয়োজন বেশি অনুভূত হওয়ার কথা। আলোচনার পরিবর্তে পেছনের দরজাই যে ট্রাম্প প্রশাসনের কাছে বেশি পছন্দনীয়, তাতে এখন আর তেমন সন্দেহ নেই। তবে প্রশ্ন হচ্ছে সিআইএ সৃষ্টির পর মার্কিন ঠিক কোন প্রশাসন এ দরজায় তার আকাঙ্ক্ষাকে নিযুক্ত করেনি।
সিআইএর ইতিহাস বলছে মার্কিন স্বার্থ ও আধিপত্য স্থাপন ও রক্ষায় বিশ্বব্যাপী ষড়যন্ত্রের জাল বিস্তারের জন্যই সংস্থাটির জন্ম। বহু দেশের সরকার উৎখাতের মুখ্য কারিগর হিসেবে কাজ করেছে সংস্থাটি। ১৯৫৩ সালে ইরানের নির্বাচিত সরকারকে উৎখাত করে একনায়ক শাহ সরকারের পত্তন করেছিল সিআইএ। পেছনে কাজ করেছিল জ্বালানি স্বার্থ, যা মধ্যপ্রাচ্যের মার্কিন নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে আজও। আজকের ইরান-আমেরিকা উত্তেজনার মূল সূত্রটি ওই ঘটনাতেই ভিত গেড়ে আছে। এ ছাড়া ১৯৫৪ সালে গুয়াতেমালা, ১৯৬০ সালে কঙ্গো, ১৯৬১ সালে ডোমিনিকান রিপাবলিক, ১৯৬৩ সালে দক্ষিণ ভিয়েতনাম, ১৯৬৪ সালে ব্রাজিল ও ১৯৭৩ সালে চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে নিজেদের পছন্দসই সরকার বসিয়েছিল সিআইএ। এ সম্পর্কিত কাজে এ কয়টি দেশের উল্লেখ যদিও সিআইএর জন্য মানহানিকর। কারণ এ তালিকা অনেক দীর্ঘ। উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া ঘাঁটলেই এর সত্যতা জানা যাবে।
স্নায়ুযুদ্ধের সময়ে জার্মান নাৎসি বিজ্ঞানীদের একটি দল নিয়োগ করে সিআইএ। আমেরিকা ও এর বাইরে ক্রিয়াশীল এ বিজ্ঞানী দলটির কাজ ছিল নাৎসি জার্মানির অধীনে তৈরি করা বিভিন্ন জৈবিক ও রাসায়নিক অস্ত্রকে এক জোট করা। একই সঙ্গে এ ধরনের রাসায়নিক অস্ত্র প্রস্তুতেও গবেষণা চালানো। বহু বিস্তৃত এ প্রকল্পের আওতায়ই বিখ্যাত চন্দ্রাভিযান প্রকল্প করা হয়েছিল। এখানে উল্লেখ করা যায় ‘অপারেশন ক্যাওস’র কথা। বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলন, কৃষ্ণাঙ্গ অধিকার, নাগরিক অধিকার ও যুদ্ধবিরোধী আন্দোলনগুলোর গলা টিপে ধরতে এ প্রকল্প নেওয়া হয়। ১৯৫০ ও ১৯৬০ এর দশক মূলত এ প্রকল্পের জন্য বিখ্যাত হলেও এখনো তা চলমান নিঃসন্দেহে।
জন্মমুহূর্ত থেকেই সিআইএ সংবাদমাধ্যমের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে। বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী নির্মিত তথ্য পরিবেশনই এর মূল কার্যক্রম। বলার অপেক্ষা রাখে না সংস্থাটির মতোই এ কার্যক্রমেরও বয়স ৭০ বছর। সিআইএর রয়েছে মাদক প্রভাবিত তথ্য আদায়ের এক অভাবনীয় প্রকল্প। ১৯৫০ সালে এ প্রকল্প শুরু করে সংস্থাটি। মানুষের মনের ওপর নিয়ন্ত্রণ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ প্রকল্প আক্ষরিকভাবে সাফল্য না পেলেও, সারা বিশ্বের মানুষের মনে বিশ্বপরিস্থিতি নিয়ে বিদ্যমান অনিশ্চয়তাবোধকে এর একটি পার্শ্ব উৎপাদ হিসেবে সহজেই চিহ্নিত করা যায়।
আর রয়েছে সর্বসাম্প্রতিক উগ্রবাদীদের অস্ত্রীকরণের প্রকল্প। স্নায়ুযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জয়লাভের লক্ষ্যে আফগানিস্তানে যে প্রকল্প নিয়েছিল সিআইএ তাই এখন ফুলে ফেঁপে বিষফোড়া হয়ে সারা বিশ্ব ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ওসামা বিন লাদেনের জন্ম খোদ সিআইএর হাতেই। তার হাতে শোভা পাওয়া অত্যাধুনিক অস্ত্রের উৎসও এ সিআইএ। আফগান যুদ্ধের ভয়াবহতা ও জঙ্গিগোষ্ঠী আল কায়েদার কাছ থেকে শিক্ষা না নিয়ে এখন সিরিয়ায়ও সিআইএ এই একই কৌশল নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ তালিকা শেষ হওয়ার নয়। হত্যা, গুপ্তহত্যা, যুদ্ধ ও ষড়যন্ত্র এ সবই লেগে আছে ৭০ বছর বয়সী সিআইএর প্রতিটি অংশে।