যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে ড্রোন (চালকবিহীন বিমান) হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গত সোমবার দেশটির প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এ কথা জানিয়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্ত পূর্বসূরি বারাক ওবামার সিদ্ধান্তের বিপরীত। ওবামা সিআইএয়ের আধা সামরিক ভূমিকা সীমিত রাখার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। ট্রাম্পের এই অনুমোদনের ফলে তা বদলে গেল।
এ খবরের বিষয়ে হোয়াইট হাউস, প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সিআইএ কেউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনে আলোড়ন তোলা সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের লক্ষ্য করে প্রথম ড্রোন হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। জঙ্গি বা তাদের কথিত আস্তানা লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ড্রোন হামলায় সন্দেহভাজন জঙ্গিদের পাশাপাশি অনেক নিরীহ সাধারণ মানুষ হতাহত হওয়ায় একসময় এর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। ড্রোন ব্যবহার করে মার্কিন সামরিক কর্তৃপক্ষের জঙ্গি হত্যা কর্মসূচি বিতর্কের সৃষ্টি করে।
বেতন দাতব্য প্রতিষ্ঠানে দেবেন ট্রাম্প
এএফপি জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যে বেতন পাবেন, তা দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন। প্রেসিডেন্টের মুখপাত্র শন স্পাইসার গত সোমবার—প্রেসিডেন্টের ইচ্ছা, তিনি বছর শেষে তাঁর বেতন দান করবেন। তিনি আমেরিকার জনগণের কাছে এ অঙ্গীকার করেছেন।
সাংবাদিকদের উদ্দেশে স্পাইসার বলেন, বেতনের অর্থ কোথায় দেওয়া উচিত, তা তিনি (ট্রাম্প) আপনাদের কাছে অনুগ্রহ করে জানতে চেয়েছেন।
ট্রাম্পের জামাতার প্রতিষ্ঠানে বড় বিনিয়োগ
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিবারের মালিকানাধীন একটি কোম্পানিতে চার শ মিলিয়ন ডলারের বেশি বিনয়োগ করতে যাচ্ছে চীনা একটি প্রতিষ্ঠান। মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠান ব্লুমবার্গ সোমবার এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এ চুক্তি কুশনার পরিবারের জন্য বিশেষ পক্ষপাতিত্বমূলক।