সিআইএর কাছে অনেক আগেই তথ্যপ্রমাণ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ‘সংশ্লিষ্টতার’ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে অনেক আগে থেকেই তথ্যপ্রমাণ ছিল বলে দাবি করেছে নিউইয়র্ক টাইমস। গত বৃহস্পতিবার পত্রিকাটি এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ট্রাম্প বিজয়ী হওয়ার এক মাস না যাওয়া পর্যন্ত নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের ব্যাপারে কোনো তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে পরে গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান নির্বাচনের ফলকে প্রভাবিত করতে হ্যাকিং ও অপপ্রচার চালানোর পরিকল্পনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জড়িত থাকার প্রকাশ্য অভিযোগ করেন।
সাবেক এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস বলেছে, গোপন বৈঠকগুলোতে অনেক আগে থেকেই ট্রাম্পের সমর্থনে রাশিয়ার কাজ করার বিষয়টি জানা গেছে। একই সঙ্গে এ ধরনের তৎপরতা ঠেকানোর দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআইয়ের মধ্যকার বিভেদ নিয়েও আলোচনা হয়েছে।
এফবিআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ধারণা ছিল, শুধু নির্বাচনে বাগড়া দিতেই রাশিয়া ডেমোক্রেটিক পার্টির যোগাযোগ বিভাগে হ্যাক করেছিল। সংস্থাটির শীর্ষ কর্তারা মানতে চাননি যে রাশিয়া ট্রাম্পকে জেতানোর চেষ্টা করছে। তবে পরে সিআইএর সঙ্গে একমত হয় এফবিআই।
ট্রাম্পের ঘনিষ্ঠজনদের সঙ্গে রাশিয়ার কথিত আঁতাতের ব্যাপারে সিআইএর সাবেক প্রধান জন ব্রেনান গত আগস্ট থেকেই কংগ্রেসের শীর্ষ সদস্যদের জানিয়ে আসছিলেন। সিআইএর কাছে এ ব্যাপারে তথ্যপ্রমাণ আছে বলেও উল্লেখ করেছিলেন তিনি।
নির্বাচনী প্রচারণা দলে থাকা ট্রাম্পের সহযোগীরা নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার সঙ্গে যে কাজ করছেন, তা নিয়ে তদন্ত করার বিষয়টি এর আগেই নিশ্চিত করেছিল এফবিআই।
‘সুসান রাইস অপরাধ করেছেন’
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা সুসান রাইস অপরাধ করেছেন বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কথিত রুশ সংশ্লিষ্টতা থাকা তাঁর সহযোগীদের নাম গোয়েন্দা সংস্থাগুলোর কাছে জানতে চেয়ে সুসান অপরাধ করেছেন। যোগাযোগে আড়ি পেতে ওই নামগুলো পাওয়া যায়। তবে প্রতিবারের মতো এবারও এ দাবির সপক্ষে প্রমাণ দিতে রাজি হননি ট্রাম্প।