সিআইএর নির্যাতন: কখন কী ঘটেছিল
মার্কিন সিনেটের প্রতিবেদনে বন্দীদের জিজ্ঞাসাবাদে সিআইএর নির্মম নির্যাতনের সময় সরকারের কাকে কখন এ বিষয়ে জানানো হলো ইত্যাদি বিষয় উঠে এসেছে। এটি সংক্ষেপে নিচে তুলে ধরা হলো:
সেপ্টেম্বর, ২০০১: ‘নাইন-ইলেভেন’ সন্ত্রাসী হামলার পর তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের আটক ও জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
ফেব্রুয়ারি ২০০২: প্রেসিডেন্ট বুশের নির্বাহী আদেশে বলা হয়, আল-কায়েদা বা তালেবান জঙ্গিদের বেলায় জেনেভা কনভেনশন প্রযোজ্য হবে না। জেনেভা কনভেনশনে নিষ্ঠুর শাস্তি ও নির্যাতন নিষিদ্ধ।
মার্চ/এপ্রিল: প্রথম সন্দেহভাজন আবু জুবাইদা পাকিস্তানে গ্রেপ্তার হন।
আগস্ট: সিআইএর ভয়ংকর নির্যাতনের পদ্ধতি ওয়াটারবোর্ডিং প্রয়োগ শুরু। মার্কিন বিচার বিভাগের লিগ্যাল কাউন্সিলের দপ্তর (ওএলসি) এক নির্দেশনায় বলে, বিশেষ পরিস্থিতিতে নিষ্ঠুর নির্যাতনের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
সেপ্টেম্বর: সিআইএর জিজ্ঞাসাবাদ পদ্ধতিগুলোর বিষয়ে প্রথম কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটিকে অবহিত করা হয়। তবে বাড়তি তথ্য দেওয়ার আহ্বানে সিআইএ সাড়া দেয়নি।
মার্চ ২০০৩: খালিদ শেখ মোহাম্মদ আটক হন। এরপর তাঁকে ১৮৩ বার ওয়াটারবোর্ডিং করা হয়।
সেপ্টেম্বর: নির্যাতনমূলক ‘জোরদার জিজ্ঞাসাবাদ পদ্ধতির’ ব্যাপারে সিআইএ প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ও পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলকে জানায়।
মে ২০০৫: ওএলসির প্রধান বলেন, অন্য কোনো উপায়ে তথ্য পাওয়া সম্ভব না হলে এসব পদ্ধতি ব্যবহার করা যাবে।
ডিসেম্বর: কংগ্রেসে পাস করা আইনে বন্দির সেঙ্গ নিষ্ঠুর বা মর্যাদাহানিকর আচরণ নিষিদ্ধ করা হয়।
এপ্রিল ২০০৬: প্রেসিডেন্ট বুশ ‘জোরদার জিজ্ঞাসাবাদ পদ্ধতির’ ব্যাপারে প্রথম বিস্তারিত বিবরণ পান।
জুলাই: মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেন, সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের বেলায়ও জেনেভা কনভেনশন প্রযোজ্য।
সেপ্টেম্বর: এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট বুশ সিআইএর জিজ্ঞাসাবাদ কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
অক্টোবর: কংগ্রেসে পাস হওয়া এক আইনে বলা হয়, যুদ্ধাপরাধ আইনের আওতায় জেনেভা কনভেনশন লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার করতে হবে।
জুলাই ২০০৭: প্রেসিডন্ট বুশ আরেকটি নির্বাহী আদেশে সই করেন, যেখানে সিআইএর ‘জোরদার জিজ্ঞাসাবাদ পদ্ধতিগুলোর’ মধ্যে নির্দিষ্ট কিছু চালিয়ে যাওয়ার বৈধতা দেওয়া হয়।
নভেম্বর: ‘জোরদার জিজ্ঞাসাবাদ পদ্ধতিগুলো’ ব্যবহারের ইতি ঘটে।
সূত্র: বিবিসি।