সিআইএর নির্যাতনের তথ্য প্রকাশ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর থেকে সে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সন্দেহভাজন সন্ত্রাসীদের ওপর যে নির্যাতন চালিয়েছে, তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ১২ জন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা এক খোলা চিঠিতে তাঁরা এই আহ্বান জানান। খবর এএফপির।
দ্য কমিউনিটি ডটকম নামের একটি ওয়েবসাইটে চিঠিটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মার্কিন ইতিহাসের ‘কলঙ্কজনক সময়’ নিয়ে সিনেট প্রতিবেদন প্রকাশে বিলম্বের মাধ্যমে দেশটি এক ‘ক্রান্তিকালীন’ সময়ে পৌঁছেছে।
প্রেসিডেন্ট ওবামাও শান্তিতে নোবেল পান ২০০৯ সালে। গত আগস্টে তিনি প্রায় সরাসরি স্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। তিনি বলেন, ‘আমরা কিছু মানুষকে নির্যাতন করেছি।’ কিন্তু সিআইএর ওই নির্যাতনের ঘটনার কতটুকু প্রকাশ করা উচিত, তা নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে সমঝোতায় আসতে পারছে না হোয়াইট হাউস।
চিঠিতে নোবেল বিজয়ীরা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নির্যাতনে জড়িত ছিল বলে সে দেশের প্রেসিডেন্ট সরাসরি যে স্বীকারোক্তি দিয়েছেন, সেটা ছিল মার্কিন ইতিহাসের কালো ওই অধ্যায়ের মুখোমুখি হওয়ার প্রথম পদক্ষেপ। এখন এটাই দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কি তাদের কর্মকাণ্ড নিজেদের জনগণ এবং বাকি বিশ্বের কাছে এড়িয়ে যাবে, নাকি যে নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে?’
যে ১২ জন নোবেল বিজয়ী ওবামাকে খোলা চিঠিটি লিখেছেন তাঁরা হলেন, তিমুর-লেস্তের হোসে র্যামোস হোর্তা, লাইবেরিয়ার লেমাহ গাবোয়ি, উত্তর আয়ারল্যান্ডের জন হিউমে, তিমুর-লেস্তের বিশপ কার্লোস বেলো, দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটু, বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দক্ষিণ আফ্রিকার এফ ডব্লিউ ডি ক্লার্ক, উত্তর আয়ারল্যান্ডের বেটি উইলিয়ামস, মিসরের মোহাম্মদ এলবারাদি, কোস্টারিকার অস্কার এরিয়েস সানচেজ, যুক্তরাষ্ট্রের জোডি উইলিয়ামস এবং আর্জেন্টিনার অ্যাডোলফো পেরেজ এস্কুইভেল।