বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর নিষ্ঠুর নির্যাতনের পদ্ধতিগুলো সমর্থনযোগ্য ছিল বলে মনে করেন বেশির ভাগ মার্কিন। গত সোমবার প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ যৌথভাবে এ জরিপ চালিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
জরিপে প্রশ্ন ছিল, ‘সার্বিকভাবে আপনি কি মনে করেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে সিআইএর আচরণ সমর্থনযোগ্য না অসমর্থনযোগ্য?’ জবাবে জরিপে অংশগ্রহণকারী ৫৯ শতাংশ মার্কিন বলেছেন, সমর্থনযোগ্য ছিল। মাত্র ৩১ শতাংশ বলেছেন, তা সমর্থনযোগ্য ছিল না। আর ৯ শতাংশ বলেছেন, ‘মন্তব্য নেই’।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে সন্দেহভাজন জঙ্গিদের জিজ্ঞাসাবাদের সময় সিআইএর নিষ্ঠুর সব নির্যাতনের পদ্ধতি প্রকাশ পায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর গ্রেপ্তার হওয়া শতাধিক সন্দেহভাজন আল-কায়েদা সদস্যকে জিজ্ঞাসাবাদে ওই পদ্ধতিগুলো ব্যবহার করে সিআইএ।