সিআইএর বিচার দাবি
নির্যাতনের ভয়ংকর সব কৌশল। মানবাধিকার লঙ্ঘনের চরমতম সব ঘটনা। আর এসব ঘটানো হয়েছে দেশের শীর্ষকর্তাদের ‘অনুমোদন’ নিয়েই। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ভয়ংকর সব নির্যাতনের বিষয়ে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট প্রতিবেদনটি প্রকাশের পর ফুঁসে উঠেছে বিশ্ব। বিশেষ করে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো নির্যাতনের সঙ্গে জড়িত সিআইএর কর্মকর্তা ও তৎকালীন জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিচারের দাবিতে সোচ্চার। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রকে ‘সংশোধন’ হওয়ার আহ্বান জানিয়েছে চীন, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশ। খবর এএফপি, রয়টার্স, বিবিসি ও গার্ডিয়ানের।
গত মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটি ২০০১ সালের ‘নাইন-ইলেভেন’ হামলার পর আটক আল-কায়েদার বন্দীদের সিআইএর জিজ্ঞাসাবাদের কৌশল নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সিআইএ বন্দীদের ওপর ‘নিষ্ঠুর নির্যাতন’ চালিয়েছিল। আর এভাবে ভয়ংকর কৌশলের মাধ্যমে জিজ্ঞাসাবাদে পাওয়া ভুল তথ্য দিয়ে আল-কায়েদা ও সন্ত্রাসী হুমকি সম্পর্কে হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসকে বিভ্রান্ত করেছিল সিআইএ।
জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদবিষয়ক বিশেষ দূত বেন এমারসন এক বিবৃতিতে বলেছেন, ওই নির্যাতনের পদ্ধতিগুলো প্রয়োগের সিদ্ধান্ত যে উচ্চপর্যায় থেকেই এসেছিল, তাতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, ওভাবে নির্যাতনের সঙ্গে জড়িত সিআইএ ও সরকারি কর্মকর্তাদের তো বিচার করতেই হবে, পাশাপাশি জর্জ বুশের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে যাঁরা ওই অপরাধমূলক কাজের পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছেন, তাঁদেরও বিচারের মুখোমুখি করাতে হবে।
জেনেভা থেকে দেওয়া ওই বিবৃতিতে এমারসন আরও বলেন, আন্তর্জাতিক আইনের একটা বিষয় হিসেবে, জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করাতে যুক্তরাষ্ট্র আইনগতভাবে বাধ্য। মার্কিন অ্যাটর্নি জেনারেলকেই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনতে হবে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেছেন, সিআইএর ওই কর্মকাণ্ডগুলো ছিল নিঃসন্দেহে অপরাধমূলক কাজ। কোনোমতেই এগুলোর ন্যায্যতা দেওয়া যাবে না। তিনি বলেন, যদি এই সত্য প্রকাশের প্রক্রিয়াটা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর দিকে না গড়ায়, তবে ভবিষ্যৎ প্রেসিডেন্টরাও নির্যাতনকে নীতি হিসেবে গ্রহণ করার সুযোগ পাবেন।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী পরিচালক স্টিভেন ডব্লিউ হকিনস বলেন, এই প্রতিবেদন আরেকবার পানির মতো পরিষ্কার করে দিল, মার্কিন সরকার নির্যাতনকে ব্যবহার করে থাকে। নির্যাতন সব সময়ই অপরাধ। যারা এর সঙ্গে জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
আমেরিকান সিভিল রাইটস ইউনিয়ন বলেছে, অ্যাটর্নি জেনারেলের উচিত একজন বিশেষ প্রসিকিউটর নিযুক্ত করা। তিনি বুশ প্রশাসনের যেসব কর্মকর্তা ওই নির্যাতনমূলক কর্মসূচি তৈরি করেছেন, অনুমোদন দিয়েছেন, পরিচালনা করেছেন ও ঢেকে রেখেছেন, তাঁদের বিষয়ে একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত চালাবেন।
তবে বুশ প্রশাসনের কর্মকর্তাদের বিচারের আওতায় আনার সম্ভাবনা খুব কমই বলে মনে করা হচ্ছে। এর একটি কারণ, মার্কিন বিচার বিভাগের একটি পর্যবেক্ষণ। বিচার বিভাগ বলেছে, তারা ২০০০ সাল থেকে এ পর্যন্ত বন্দীদের সঙ্গে অসদাচরণের দুটি ঘটনার তদন্ত এরই মধ্যে করেছে। তবে কাউকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ মেলেনি।
দেশে দেশে প্রতিক্রিয়া: মার্কিন সিনেটের প্রতিবেদনটি প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই গতকাল বুধবার বলেন, ‘চীন সব সময়ই নির্যাতনের বিরোধিতা করে থাকে। আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র এই বিষয়টির গুরুত্ব দেবে। তারা নিজেদের চলার পথ সংশোধন করে নেবে এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সনদগুলো নিবিড়ভাবে মেনে চলবে।’
এক প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘আমার স্পষ্ট কথা: নির্যাতন খারাপ। নির্যাতন সব সময়ই খারাপ।...একজন প্রধানমন্ত্রী হিসেবে আমি সব সংস্থাকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছি।’
আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক টুইটারবার্তায় যুক্তরাষ্ট্রের ওই নির্যাতনের ঘটনাগুলোকে ‘লজ্জাকর’ বলে মন্তব্য করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে প্রশ্ন ছোড়া হয়, ‘সিআইএর অমানবিক নির্যাতনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখন কেন মুখ বুজে রয়েছে?’
কিউবার গুয়ানতানামো বেতে মার্কিন কুখ্যাত কারাগারের সাবেক ব্রিটিশ বন্দী মোয়াজ্জেম বেগের ধারণা, সিআইএর নির্যাতনের কারণেই ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠী জন্ম নিয়েছে। তারা যে নিষ্ঠুরভাবে মার্কিনসহ বিভিন্ন দেশের নাগরিকদের শিরশ্ছেদ করছে, তা-ও সিআইএর ওই কর্মকাণ্ডের জের।