সিআইএর বড় ধরনের পুনর্গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন ব্রেনান প্রতিষ্ঠানটির বড় ধরনের পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। বলা হচ্ছে, এটি হবে মার্কিন এই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাটির ইতিহাসেই সবচেয়ে বড় সংস্কারের একটি। খবর বিবিসির।
কর্মীদের উদ্দেশে লেখা এক স্মারকে জন ব্রেনান বলেছেন, আগের চেয়ে হুমকির বৈচিত্র্য এবং প্রযুক্তিগত উন্নয়নের পরিপ্রেক্ষিতে এ সংস্কার করা হচ্ছে।
সিআইয়ের পরিচালক জানান, সংস্কার পরিকল্পনার লক্ষ্য ব্যবস্থাপকদের ওপর অধিকতর জবাবদিহি আরোপ এবং অনলাইন ক্ষেত্রের সামর্থ্য বাড়ানো।
সবচেয়ে বড় পরিবর্তন আসছে অভিযান পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্লেষকদের মধ্যকার বিভাগগুলোর বিভাজনের ক্ষেত্রে।
প্রথাগতভাবে সিআইএর অভিযান পরিচালনাকারী এবং যাঁরা এর মাধ্যমে পাওয়া তথ্য বিশ্লেষণ করেন, তাঁরা আলাদা বিভাগ ও দপ্তরের আওতায় কাজ করে আসছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী ১০টি ‘মিশন সেন্টারের’ অধীনে তাঁদের একত্র করা হবে।
প্রতিটি মিশন সেন্টারের দায়িত্বে থাকবেন একজন করে সহকারী পরিচালক। বর্তমানে সিআইএতে কাউন্টার টেররিজম সেন্টারসহ এ রকম গুটিকয়েক বিভাগ আছে। ওই সেন্টারের অপারেটর ও বিশ্লেষকেরা এক দশক ধরে পাশাপাশি কাজ করে আসছেন।
কর্মীদের কাছে লেখা স্মারকে পরিচালক ব্রেনান অনলাইন মাধ্যমে চালানো ‘সাইবার সন্ত্রাসবাদের’ বিপদ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তবে একই সঙ্গে প্রাযুক্তিক অগ্রগতি সিআইএর জন্য যেসব সুযোগ এনে দিয়েছে, সেগুলোও তুলে ধরেন তিনি।
ডিজিটাল বিপ্লবকে স্বাগত জানিয়ে একে নিজেদের প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান জানান ব্রেনান। এ প্রসঙ্গে তিনি ডিরেক্টরেট অব ডিজিটাল ইনোভেশন নামে নতুন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দেন।
সাংবাদিকদের সিআইএর পরিচালক বলেন, সংস্থাটির কাঠামো এখন ‘সেল’-এর মতো বিচ্ছিন্ন। এ কারণে অনেক সময় কোনো একটি গোয়েন্দা অভিযানের জন্য কোনো একক ব্যক্তিকে দায়বদ্ধ করা যায়, তা স্থির করা সম্ভব হয় না।