সিআইএর হবু প্রধান হাসপেল কি ভুল স্বীকার করবেন?

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হতে যাচ্ছেন জিনা হাসপেল। সিআইএর পরিচালক পদে অনুমোদন পেতে ৯ মে সিনেটে শুনানিতে তাঁর হাজির হওয়ার কথা।
হাসপেল অত্যন্ত পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি সিআইএকে প্রেসিডেন্টের রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু হাসপেল থাইল্যান্ডে একটি কুখ্যাত কেন্দ্র পরিচালনা করতেন। ওই কেন্দ্রে একজন বন্দীকে গরম পানি দিয়ে নিষ্ঠুর নির্যাতন (ওয়াটার বোর্ডিং) করা হয়েছিল। হাসপেল ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিজ্ঞাসাবাদের ভিডিওচিত্র ধ্বংস করেন। বিস্ময়ের ব্যাপার হলো, এ ব্যাপারে তদন্ত হলেও হাসপেলের কোনো দোষ প্রমাণিত হয়নি।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ১৮ মাস কেটে গেছে। তাঁর প্রশাসনে যোগ দিয়েছেন—এমন কাউকে পাওয়া যাবে না যে তাঁকে অন্যরা সতর্ক করেনি। ট্রাম্প প্রশাসনের সাবেক প্রেস সচিব বলেছেন, জনগণকে ভুল পথে পরিচালিত করার জন্য তিনি ভুল স্বীকার করেছিলেন। সেটা তিনি করেছিলেন ট্রাম্পের নির্দেশে এবং তাঁর প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার প্রথম দিনেই। প্রেসিডেন্টের সাবেক যোগাযোগ পরিচালক বলেন, তিনি প্রেসিডেন্টের জন্য ‘সামান্য মিথ্যা’ বলেছিলেন। ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে ‘অত্যন্ত মূর্খ’ বলার খবর নাকচ করেননি। এফবিআইয়ের সাবেক প্রধান বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে ‘নৈতিকভাবে অযোগ্য’।
সিআইএয়ের সদ্য সাবেক প্রধান মাইক পম্পেও বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। পম্পেও যোগ্যতাসম্পন্ন। তবে তিনি প্রেসিডেন্টের তোষামোদি করার জন্য অত্যন্ত আগ্রহী হতে পারেন। দুঃখজনক হলো যে তাঁর টিকে থাকার জন্য এটাই প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি অঙ্গীকারবদ্ধ বলে মনে হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সময় এই মন্ত্রণালয় মনোবল হারায়। তবে ট্রাম্পের নিয়োগ দেওয়া অন্যদের মতো পম্পেও সিআইএতে কোনো কেলেঙ্কারির জন্ম দেননি। ট্রাম্পের জন্য কাজ করতে আগ্রহী হিসেবে অধিকতর যোগ্য অনেককে পাওয়া যাবে, এটা ভাবা কঠিন। বরং নিকৃষ্ট একজনকে পাওয়া যাবে তা সহজেই ভাবা যায়।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে হাসপেল ওয়াটার বোর্ডিংয়ে নির্যাতন চালাতেন। তাঁর বিশ্বাস ছিল, এতে ভবিষ্যতের সন্ত্রাসী হামলা রোধ হতে পারে। ওই আদেশের অনুমোদন দিয়েছিল হোয়াইট হাউস। তবে ওই রকম প্রতিরোধ ব্যবস্থা দুটি কারণে সঠিক নয়।

প্রথমত. নির্যাতনবিরোধী জাতিসংঘ কনভেনশন অনুযায়ী, শারীরিক ও মানসিক যন্ত্রণা বা দুর্ভোগ সৃষ্টিকারী শাস্তি নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র এই কনভেনশনে স্বাক্ষর করেছে। সিআইএয়ের কেন্দ্রে ওই দুধরনের নির্যাতনই চালানো হতো। বুশ প্রশাসনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন জেমস কোমে। এপ্রিলের শুরুতে তাঁর আত্মস্মৃতিমূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাতে কোমে লিখেছেন, ‘ঠান্ডা ও অতিরিক্ত বাতি জ্বালানো একটি কক্ষে মানুষকে ছাদের সঙ্গে শিকল দিয়ে বেঁধে বিবস্ত্র করে দিনের পর দিন নির্যাতন করা হতো। এ ছবি আমি মন থেকে সরাতে পারি না। তাঁরা মলত্যাগ করতে ডায়াপারে। পুনরায় নির্যাতনের জন্যই কেবল তাঁদের শিকল খোলা হতো।’ সিআইএ আমেরিকার কত ক্ষতি করেছিল তার বয়ান মেলে সিনেটর জন ম্যাককেইনের লেখায়। তিনি বলেন, ‘এটা আমাদের মূল্যবোধের ক্ষতি করেছে, জাতীয় সম্মান নষ্ট করেছে এবং ঐতিহাসিক সুখ্যাতি হুমকির মুখে ফেলেছে।’ এমনকি আমেরিকাকে রক্ষা করার নামে নির্যাতন চালিয়েছে। হাসপেলের সেটার ওপর নজর দেওয়া উচিত।
দ্বিতীয়ত. নির্যাতনের বিষয়ে নিষেধাজ্ঞা বারাক ওবামার ক্ষমতা ছাড়ার সময়ের চেয়ে কমই মানা হচ্ছে। সেনাবাহিনী ও সিআইএকে সেনাবাহিনীর অনুমোদিত জিজ্ঞাসাবাদ কৌশল প্রয়োগের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে কংগ্রেস ২০১৫ সালে একটি আইন পাস করে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, ‘ওয়াটার বোর্ডিংয়ের চেয়েও নিষ্ঠুর অনেক পদ্ধতি ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি সমর্থন দেবেন।’ যদিও এখনো সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সিআইএর সাবেক প্রধান পম্পেও বলেছিলেন, তিনি ওয়াটার বোর্ডিং পদ্ধতি প্রয়োগের পক্ষে। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ২১০৫ সালের ওই আইনের বিপক্ষে ভোট দিয়েছিলেন। কারণ তিনি মনে করেন, সিআইএকে আটকানো উচিত নয়।
জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সিআইএয়ের নেতৃস্থানীয় ভূমিকা ও হাসপেলের অতীত কর্মকাণ্ড নির্যাতনকেই সামনে আনছে। সিআইএর পরিচালক পদে তাঁর নিয়োগ নিশ্চিত হওয়ার ক্ষেত্রে নির্যাতনই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুনানিতে হাসপেলকে অবশ্যই বলতে হবে নির্যাতনের বিষয়ে তিনি কী ভাবছেন এবং এ ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্দেশ তিনি মানবেন কি না। যদি তিনি আগের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেন, তাহলে কি হাসপেলের সিআইএ প্রধানের পদে নিয়োগ পাওয়া উচিত?
দ্য ইকোনমিস্ট অবলম্বনে