সিআইয়ের হ্যাকিং কৌশল ফাঁস করল উইকিলিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কীভাবে বিভিন্ন ইলেকট্রনিকস যন্ত্রপাতি হ্যাক করে অনুপ্রবেশ করে, তা ফাঁস করে দেওয়ার দাবি করেছে উইকিলিকস। গতকাল মঙ্গলবার ইন্টারনেটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর বিস্তারিত জানিয়েছে উইকিলিকস।
উইকিলিকস বলেছে, সিআইএ এমন সব ম্যালওয়্যার তৈরি করেছে, যা দিয়ে ইন্টারনেট সুবিধাসংবলিত স্মার্ট টিভি থেকে শুরু করে গাড়ি পর্যন্ত যেকোনো ইলেকট্রনিকস যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে অ্যানড্রয়েড ও অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএসচালিত মোবাইল ফোন হ্যাক করা সম্ভব। আর এভাবে মোবাইল ফোন হ্যাক করে হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রামসহ বিভিন্ন চ্যাটিং অ্যাপসের মাধ্যমে আদান-প্রদান করা তথ্যও হাতিয়ে নেওয়া সম্ভব। এ ছাড়া উইন্ডোজ, লিনাক্সসহ বিভিন্ন কম্পিউটার অপারেটিং সিস্টেম হ্যাক করার উপায়ও বের করেছে সিআইএ।
উইকিলিকস জানায়, তাদের হাতে থাকা নথি অনুযায়ী, সিআইএ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে (এনএসএ) ‘বিরোধী পক্ষ’ হিসেবে বিবেচনায় নিয়ে বিভিন্ন ইলেকট্রনিকস যন্ত্রপাতি হ্যাক করার প্রকল্প হাতে নেয়। এ-সংক্রান্ত গুপ্তচরবৃত্তির কাজে যুক্তরাষ্ট্রের মূল প্রতিষ্ঠান এনএসএ।
উইকিলিকস তাদের দাবির সপক্ষে প্রায় নয় হাজার নথি হাতে থাকার দাবি করেছে। বলা হচ্ছে, সিআইয়ের একটি সূত্র এসব নথি সরবরাহ করেছে। একে ‘সবচেয়ে বড়’ গোয়েন্দা নথি ফাঁস বলে মন্তব্য করেছে উইকিলিকস।
সিআইয়ের মুখপাত্র জোনাথন লিউ বলেছেন, ‘গোয়েন্দা তথ্যসম্পর্কিত কোনো নথির সত্যতা বা বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করব না।’
উইকিলিকসের দাবি, সিআইয়ের যেসব নথি তাদের হাতে এসেছে, সেগুলোর বেশির ভাগই ‘হ্যাক করার কৌশল’। এসব নথিতে প্রায় কয়েক শ মিলিয়ন কোড লেখা আছে। গোয়েন্দা সংস্থাটি ভাইরাস, ট্রোজান ও অন্যান্য সফটওয়্যার মিলিয়ে এক হাজারের বেশি ম্যালওয়্যার তৈরি করেছে।
উইকিলিকস বলেছে, এসব ফাঁস হওয়া নথি থেকে এটি স্পষ্ট হয়েছে যে এসব সাইবার অস্ত্র শুধু সিআইয়ের নিজেদের নিয়ন্ত্রণে ছিল না। বরং অন্য হ্যাকারদেরও এগুলো ব্যবহার করতে দিয়েছে সিআইএ। এক বিবৃতিতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, সাইবার অস্ত্রের অনিয়ন্ত্রিত বিস্তারের ‘ব্যাপক ঝুঁকি’ এসব নথিতে প্রকাশিত হয়ে পড়েছে।