সিএমবিবিএতে দ্বন্দ্ব নতুন সংগঠন হচ্ছে

ব্রুকলিনের বাংলাদেশি ব্যবসায়ীদের পুরোনো সংগঠন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (সিএমবিবিএ) নিয়ে দীর্ঘদিন ধরেই যে টানাপোড়েন চলছিল। ফলে ব্রুকলিনে বাংলাদেশি ব্যবসায়ীরা আর ঐক্যবদ্ধ থাকতে পারছেন না—অনেকে আগে থেকে এমনটা আশঙ্কা করছিলেন। ২০ সেপ্টেম্বর রাতে একই এলাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন একটি সংগঠন গঠনের ঘোষণার মধ্য দিয়ে সে আশঙ্কা সত্য হলো। বাংলা হোম কেয়ারের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদের
সভাপতিত্বে স্থানীয় একটি রেষ্টুরেন্টে ২০ সেপ্টেম্বর বৈঠক হয়। এতে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা যোগ দেন। আলোচনায় সিএমবিবিএর সাংগঠনিক অচলাবস্থা তুলে ধরেন সংগঠনের সদস্যরা। তারা দাবি করেন, বর্তমানে সিএমবিবিএর কার্যক্রম পরিচালিত হচ্ছে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায়। নতুন সদস্য বানানো ও পুরোনো সদস্যপদ নবায়নের ক্ষেত্রে সিএমবিবিএর নিয়মনীতি পাল্টানোর দাবিও তোলেন উপস্থিত সদস্যরা।
কমিউনিটির পরিচিত মুখ, ব্যবসায়ী মোহাম্মদ লুৎফুরের উদ্যোগে আয়োজিত এই সভায় কোন কোন সদস্য আলাদা ব্যবসায়ী সংগঠন তৈরি না করে সিএমবিবিএকে আরও গতিশীল করার বিষয়ে মত দেন। মোহাম্মদ লুৎফুর ব্যবসায়ীদের নিয়ে এই আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, তিন বছর ধরে তিনি এবং আরও কিছু সদস্য নানাভাবে সিএমবিবিএর অচলাবস্থা নিরসনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এ কারণে নতুন একটি সংগঠন গড়ে ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার বিকল্প নেই।
সভায় বক্তারা শুধু মেলা আয়োজনের মধ্যে সংগঠনকে সীমাবদ্ধ না রেখে এই এলাকার ব্যবসা-বাণিজ্যে বৈচিত্র্য আনার লক্ষ্যে ব্যবসায়ী নেতাদের কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের একক বাণিজ্যের জায়গা হিসেবে প্রথম প্রতিষ্ঠিত হলেও চার্চ-ম্যাকডোনাল্ড নিউজার্সির ব্যবসায়ী দূরে থাক, নগরের পাশাপাশি নেইবারহুডগুলোর বাংলাদেশিদের নজর কেন কাড়তে পারেনি, সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। নতুন সংগঠন তৈরি, কিংবা পুরোনো সংগঠনকে ঢেলে সাজানো—যাই করা হোক, তাতে কেনসিংটনের ব্যবসা প্রসারের চিন্তা মাথায় রাখার পরামর্শ দেন আলোচকেরা।
ব্যবসায়ীদের বৈঠক শেষে নতুন সংগঠন করার সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় নতুন সংগঠনের কয়েকটি নামও প্রস্তাব করা হয়। এর মধ্যে ব্রুকলিন বাংলাদেশি আমেরিকান চেম্বার অব কমার্স, চার্চ-ম্যাকডোনাল্ড চেম্বার অব কমার্স, ব্রুকলিন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনসহ আরও কয়েকটি নাম প্রস্তাব করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন। তখন আবু জাফর মাহমুদকে আহ্বায়ক করে একটি কমিটিও ঘোষণা করা হতে পারে।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে নুরুল আমিন সরে যাওয়ার পর বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে আবারও নির্বাচন কমিশন গঠন করেছে সিএমবিবিএ কার্যনির্বাহী কমিটি। কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী বুধবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেছেন, ২৭ অক্টোবর সাধারণ সভা করছেন তারা।
আপনাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ এনে কেনসিংটনের ব্যবসায়ীদের আরও একটা সংগঠন হচ্ছে, এতে আপনার প্রতিক্রিয়া কি—এমন প্রশ্নে রফিকুল ইসলাম বললেন, ‘আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। একটা সাধারণ সভা ডেকেছি। সে দিন অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের সবার এক থাকা দরকার।’