
চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (সিএমবিবিএ) বিবদমান সদস্যদের মধ্যে সমঝোতার চেষ্টা ভেস্তে গেছে। নির্বাচন আয়োজনে ব্যস্ত নির্বাহী কমিটির সঙ্গে ভিন্নমতাবলম্বীদের বৈঠক কিংবা আলোচনার সম্ভাবনা যে আর নেই, সেটি স্পষ্ট হয়ে গেছে। একটি সংবাদ বিজ্ঞপ্তিই সমঝোতার সব সম্ভাবনাকে অনিশ্চিত করে দিয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন বাংলানগর সুপার মার্কেটের মালিক আনোয়ার হোসেন। এতে বলা হয়, সিএমবিবিএর জন্য ৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, ৮২ চার্চ অ্যাভিনিউতে গেল ১৭ মে ব্যবসায়ীদের ‘জরুরি’ সভায় রহমান ফ্যাশনের মালিক মোছাদ্দেক ভূঁইয়াকে আহ্বায়ক ও বাংলানগর সুপার মার্কেটের মালিক আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। সে সময় এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ভেতরে-ভেতরে বিবদমান দুই পক্ষকে একত্রে বসানোর চেষ্টাও চলছিল। এ কারণে বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরোধীপক্ষ তাদের অনুসারীদের নিয়ে ঈদ-পরবর্তী জমায়েতের আয়োজন দুদফায় পিছিয়ে দেন।
আপাতত সমঝোতা যে হচ্ছে না, দুপক্ষেই এমন আভাস মিলেছে। তবে কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে নারাজ। নির্বাচনের জন্য গঠিত কমিশন ১৬ জুন নির্বাচনের দিনক্ষণ ঠিক করলেও পরে সেটি পরিবর্তন করে ৭ জুলাই নির্ধারণ করা হয়।
দুপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সমঝোতা চেষ্টার অংশ হিসেবে এই পরিবর্তন করা হলেও শেষ পর্যন্ত সমঝোতা ভেস্তে গেছে। এর ফলে আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করে নিজেদের অবস্থানের জানান দিয়েছে ব্যবসায়ীদের আরেকটি গ্রুপ। এই আহ্বায়ক কমিটির সদস্যসচিব আনোয়ার হোসেন বলেন, ‘কেনসিংটনে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতির দরকার। ব্যবসার পরিবেশ তৈরি করতে একটা স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন চাই আমরা। সে লক্ষ্যে কাজ করছি আমরা। আশা করছি, ব্যবসায়ীদের যারা ক্ষমতার লোভী নন, তারা ঐক্যবদ্ধ থাকার নীতিতে বিশ্বাস করবেন।’
নতুন সাত সদস্যের এই আহ্বায়ক কমিটি অন্য সদস্যরা হলেন—এ এইচ খন্দকার জগলু, আহমেদ আবু, এম ফরহাদ, সুশান্ত দত্ত ও জাহাঙ্গীর আলম।
সিএমবিবিএর বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। এ অবস্থায় এক পক্ষকে দূরে রেখে সিএমবিবিএর নির্বাচন অনুষ্ঠান কতটুকু অর্থবহ হবে? সিএমবিবিএর প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন (এন আমিন) বললেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন করা। নিজেদের মধ্যে বিভেদ বা দূরত্ব সদস্যরা কীভাবে কমাবেন, সে বিষয়ে নজর দেওয়ার এখতিয়ার আমাদের নেই।’