সিএমবিবিএর নির্বাচন হচ্ছে না

চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন বা সিএমবিবিএ–র নির্বাচন হচ্ছে না। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত সংগঠনের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন (এন আমিন) দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
নুরুল আমিন গত ১ জুলাই সোমবার রাতে আবদুর রব চৌধুরী নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে নির্বাচন নিয়ে তাঁকে অসহযোগিতার অভিযোগ আনেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে শিগগিরই পদত্যাগ করবেন।
সিএমবিবিএ–র নির্বাচন যে হচ্ছে না, একটা আভাস দিয়েছিল প্রথম আলো। সে সময় বলা হয়েছিল, ব্রুকলিনের কেনসিংটনে বাংলাদেশি ব্যবসায়ীদের এ সংগঠনে বিরোধ চলছে। দুটি ভাগে ভাগ হয়ে গেছে তারা। আবদুর রব চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির কার্যক্রম মানতে নারাজ তাঁর বিরোধীরা। এ কমিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছিল ব্রুকলিনের পরিচিত মুখ নুরুল আমিনকে। আরও দুজনকে নিজের দলে অন্তর্ভুক্ত করে কাজ শুরু করলেও ১ জুলাই চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনে সাংবাদিকদের নুরুল আমিন এই কমিটির বিরুদ্ধে কমিশনকে অসহযোগিতার অভিযোগ আনেন।
নুরুল আমিনের মূল অভিযোগ হলো, নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে সহায়তা না দেওয়া। চূড়ান্ত ভোটার তালিকা কমিশনের কাছে হস্তান্তর না করা। এমনকি নিজের নাম ভোটার তালিকায় না থাকার বিষয়টিও সামনে আনেন তিনি। সিএমবিবিএ–র একজন সদস্য বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন সাংবাদিকদের কাছে যা বলেছেন, সেটির সংক্ষিপ্তসার হচ্ছে, তিনি আর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে চান না। এর অর্থ দাঁড়াচ্ছে, গত তিন চার দিন ধরে সিএমবিবিএ–র নির্বাচন নিয়ে যে উদ্দীপনা ছিল, তাঁর প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে সেটির আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। অন্য সদস্যের মতো, ‘নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখ্যা দিতে পারতেন। এটি তাঁর অধিকার। কিন্তু তিনি পদত্যাগ না করে তাঁকে নিয়োগ দেওয়া কমিটির বিরুদ্ধে অভিযোগ আনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আর থাকল না।’
সংবাদকর্মীদের সঙ্গে নুরুল আমিনের বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিএমবিবিএ–র সভাপতি আবদুর বর চৌধুরী। তিনি বলেন, ‘তাঁর বক্তব্য জানার পর এ নিয়ে বলতে পারব আমি।’ বুধবার রাতে রব চৌধুরী জানান, প্রধান নির্বাচন কমিশনার, কিংবা কমিশনের অন্য কোনো সদস্য তাঁর কাছে কোনো পদত্যাগপত্র দেননি। এদিকে, সিএমবিবিএ–র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারি বলেছেন, ১৬ জুন নির্বাচন হওয়ার কথা থাকলেও সদস্যদের অনুরোধ একবার তারিখ পেছানো হয়। সংগঠনের দুজন সদস্য ১৫টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও সেগুলো আর পরে জমা পড়েনি। স্বাভাবিক কারণে, ভোটাভুটি কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে নির্বাচিত ঘোষণা করার মতো পরিস্থিতিও নেই। তাহলে কোন প্রক্রিয়ায় নতুন কমিটি হবে সিএমবিবিএ–র? এ প্রশ্নের জবাবে রফিক পাটোয়ারি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব আর থাকছেন না বলে ঘোষণা দিয়েছেন শুনেছি। এটি এখন নতুন একটা ইস্যু। আমার মনে হয়, এ বিষয়ের একটা স্থিতি দরকার আগে।’
সিএমবিবিএ–র পুরোনো সদস্যদের নিয়ে গড়ে ওঠা আরেকটি গ্রুপ কেনসিংটনে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্যের ডাক দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। শুরু থেকেই নুরুল আমিনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনের বিরোধিতা করে আসছিল তারা। তাদের অভিযোগ, দুই বছর আগে নুরুল আমিন প্রধান নির্বাচন কমিশনার হয়ে সদস্যদের বেশির ভাগের মতামত উপেক্ষা করে ভোট ছাড়াই কমিটি গঠন করে দেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে নুরুল আমিনের অব্যাহতি নেওয়ার ঘোষণা বিষয়ে সিএমবিবিএ–র বিদ্রোহী গ্রুপের সদস্য মোহাম্মদ লুত্ফুল কোনো মন্তব্য না করে বলেন, ‘আমরা চাই সব ব্যবসায়ী এক হয়ে কাজ করবে যাতে সবার স্বার্থ রক্ষা হয়। সংগঠনে নিয়মনীতি মানা হলে ব্যক্তির আসা যাওয়ায় কোনো প্রভাব পড়ে না।’