সিক্রেট সার্ভিসের প্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থা সিক্রেট সার্ভিসের প্রধান জুলিয়া পিয়ারসন অবশেষে পদত্যাগ করলেন। হোয়াইট হাউসসহ অতি গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও শৈথিল্যের অভিযোগে তীব্র সমালোচনার মুখে গত বুধবার এ সিদ্ধান্ত নেন তিনি। খবর বিবিসির।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জে জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন জুলিয়া পিয়ারসন। বিষয়টি নিশ্চিত করে জে জনসন এক বিবৃতি দিয়েছেন।
হোয়াইট হাউসের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে এর আগের দিন আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েন পিয়ারসন। ওই সময় মার্কিন কংগ্রেসের উভয় দলের অনেক সদস্য তাঁকে পদত্যাগ করার জন্য আহ্বান জানান। পিয়ারসন তখন শৈথিল্যের কথা স্বীকার করে বলেছিলেন, ‘এ রকম আর হবে না।’