সিঙ্গাপুর মালয়েশিয়ায়, জানাল মার্কিন সরকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরীয় উপদ্বীপের বিভিন্ন বিষয় নিয়ে সিঙ্গাপুরে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। বৈঠকে আলোচিত সব বিষয়ের বিস্তারিত এখনো পাওয়া যায়নি। এর মধ্যেই জানা গেল, বৈঠকের প্রস্তুতি নেওয়ার সময় যুক্তরাষ্ট্র সরকারি ওয়েবসাইটে সিঙ্গাপুরকে মালয়েশিয়ার অংশ বলে উল্লেখ করেছিল!

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গতকাল সোমবার একটি বিবৃতি প্রকাশ করা হয়। মূলত ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক সামনে রেখে গত সোমবার কিছু কথা বলেছিলেন কূটনীতিক মাইক পম্পেও। সেটিই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাতে প্রথমে বলা হয়েছিল, মালয়েশিয়ার সিঙ্গাপুরের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অবশ্য এই ভুল দ্রুতই শুধরে নেওয়া হয়। কিন্তু মার্কিন সরকারের এই ভুল নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কিছু নাগরিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। নিন্দুকেরা বলছেন, আমেরিকানরা তাদের দেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাদের দেশের বাইরেও যে পৃথিবী আছে, সেটিই অনেক মার্কিন বুঝতে চান না।

সিঙ্গাপুর একসময় মালয়েশিয়ারই অংশ ছিল। তা সেই ১৯৬০-এর দশকের ঘটনা। দুই বছর একই সরকারের অধীনে থাকার পর নৃতাত্ত্বিক ভিন্নতার কথা বলে দুটি দেশ পৃথক হয়ে যায়।

সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে ট্রাম্প ও কিমের একান্ত বৈঠক ও পরে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গুরুত্বপূর্ণ নথিতে সই করার ঘোষণা আসে। একান্ত বৈঠক শেষে দুজনকে হাসিমুখেই বের হতে দেখা যায়। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন মঙ্গলবার যৌথ চুক্তিতে সই করেন। কোরিয়া উপদ্বীপে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধে কাজ করতে সম্মত হয়েছে এ দুটি দেশ।