সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ হচ্ছে
সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধীনে শিক্ষার্থীদের অপরিশোধিত শিক্ষা ফি মওকুফ করার ঘোষণা এসেছে। এতে ফেডারেল নাগরিক সহযোগিতা তহবিল থেকে নিউইয়র্ক রাজ্যের ১২৫ মিলিয়ন ডলার ব্যয় হবে এবং ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর অপরিশোধিত টিউশন ফি মওকুফ হয়ে যাবে।
নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো গত ২৮ জুলাই এক সংবাদ সম্মেলন এ কথা জানিয়েছেন। ২০১৯ সালের ১৩ মার্চের পর যেসব শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির যেকোনো কলেজে ভর্তি হওয়ার পর আর টিউশন ফি পরিশোধ করতে পারেননি, তাঁরা এ কর্মসূচির আওতায় আর্থিক সুবিধা পাবেন।
যুক্তরাষ্ট্রের মধ্যে নিউইয়র্কেই কলেজ শিক্ষার্থীদের জন্য এমন সুবিধা ঘোষণা করা হয়েছে। গভর্নর কুমো বলেন, মহামারিতে বিপর্যস্ত অর্থনৈতিক বাস্তবতায় বহু শিক্ষার্থী তাঁদের টিউশন ফি পরিশোধ করতে পারেননি। তাঁদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বা কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য এ অপরিশোধিত টিউশন ফি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এ কর্মসূচির আওতায় ২০১৯ সালের মার্চ পরবর্তী সেমিস্টারগুলোর টিউশন ফি মওকুফ করার সুযোগ পাচ্ছেন নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।