সিটি কাউন্সিল নির্বাচন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হতে চান তৈয়বুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈয়বুর রহমান
তৈয়বুর রহমান

নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিসট্রিক্ট ২৪ কুইন্স থেকে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হওয়ার দৌড়ে নেমেছেন বাংলাদেশি প্রার্থী তৈয়বুর রহমান। ৬ জুন থেকে শুরু হওয়া এই নির্বাচনের প্রাথমিক কাজ চলবে ১৩ জুলাই পর্যন্ত। ডেমোক্রেটিক দলের রেজিস্ট্রার ভোটারেরা এ সময়ের মধ্যে তাঁদের নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাবেন। প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে হলে তৈয়বুরের পাঁচ হাজার রেজিস্ট্রার ভোটারের স্বাক্ষরের প্রয়োজন।
নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব সোশ্যাল-এ দীর্ঘ ২০ বছর কাজ করা এই বাংলাদেশি সামাজিক কর্মকাণ্ডে কাজ করার অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। তৈয়বুর জানান, নির্বাচনী এলাকায় বাংলাদেশিসহ ১৪ হাজার এশীয় ভোটার তাঁকে সাহস জোগাচ্ছে। কুইন্স, গ্রেটার জ্যামাইকা, ব্রাইয়ারউডসহ ফ্লাশিং এলাকার একটি অংশ নিয়ে তাঁর নির্বাচনী এলাকা।
বাংলাদেশিদের সহযোগিতা থাকলে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবেন বলে মনে করেন তৈয়বুর। তিনি প্রথম আলোকে বলেন, নিউইয়র্কে বাংলাদেশিদের এখন অগ্রযাত্রার সময়। এ সময়কে কাজে লাগিয়ে নির্বাচনী এলাকার জন্য গুরুত্বপূর্ণ কিছু করতে চান তিনি।