সিটি কাউন্সিল নির্বাচনে হেলাল আবু শেখের প্রার্থিতা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি কাউন্সিল নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন হেলাল আবু শেখ

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ২০২১ সালে অনুষ্ঠেয় ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট-৩২ কুইন্স থেকে নিজের প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি মার্কিন হেলাল আবু শেখ। ৬ ডিসেম্বর দুপুরে বাঙালি অধ্যুষিত ওজোন পার্কে নিজ কার্যালয়ের সামনে মূলধারা ও কমিউনিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি ২০২১ সালের ২২ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সমর্থন কামনা করেন। সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ নভেম্বর।

প্রার্থিতা ঘোষণার সময় হেলাল আবু শেখ বলেন, ‘করোনা পরিস্থিতি এখনো অনেক বড় ঝুঁকি। এ নিয়ে সবাইকে অবশ্যই সাবধান হতে হবে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে আজকের এই আয়োজনটিকে ক্ষুদ্র পরিসরে করতে হয়েছে।’ এ সময় তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সবার আত্মার শান্তি কামনা করেন।

হেলাল শেখ বলেন, ‘সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩২ থেকে ২০২১ সালের নির্বাচনে আমি আবারও প্রার্থী হচ্ছি। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমি নিজেকে জনসেবার জন্য প্রস্তুত করেছি। নিজের অবস্থান থেকে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। প্রশাসনিকভাবে কাজ করার জন্য নির্বাচিত প্রতিনিধির কোনো বিকল্প নেই। ২০১৭ সালে খুব অল্প ভোটের ব্যবধানে হারতে হয়েছিল আমাকে। আমার বিশ্বাস আপনাদের আরও বেশি পাশে পেলে এই যাত্রায় জয়ী হওয়া খুবই সম্ভব। এখন আমি অনেক আত্মবিশ্বাসী। আপনারা চাইলেই পরিবর্তন সম্ভব। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমার খুবই প্রয়োজন।’

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ নিউইয়র্ক নগরের প্রথম বাংলাদেশি-মার্কিন কাউন্সিলম্যান হিসেবে তাঁকে নির্বাচিত করতে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি অভিবাসীদের ন্যায্য হিস্যা নিশ্চিতের জন্য কাজ করার সুযোগ চাই। আমার নির্বাচনী এলাকার প্রায় ৮০ শতাংশ ভোটারই ডেমোক্র্যাট। ফলে দলীয় প্রাইমারিতে জয়ী হলেই সিটি কাউন্সিলে বিজয়ী হওয়া এক রকম নিশ্চিত।’

হেলাল শেখ বলেন, নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজিতে পাঠকালে তিনি প্রথম দক্ষিণ এশীয় হিসেবে স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন। সে অভিজ্ঞতা ও সবার সহযোগিতা নিয়ে প্রথম বাঙালি কাউন্সিলম্যান হিসেবে কমিউনিটির সেবা করতে চান তিনি। পাবলিক স্কুলে মুসলমান শিক্ষার্থীদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশিদের বিভিন্ন দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে চান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, কমিউনিটি অ্যাকটিভিস্ট সামছুদ্দীন সোনাই, মাহবুবুর রহমান চৌধুরী, মাওলানা রফিক আহমেদ, শফি উদ্দীন তালুকদার, শাহ মিজান, জামাল হোসেন, হেলিম উদ্দিন, সাবেক স্টেট অ্যাসেম্বলিম্যান এরিক এ স্টিভেনসন, মূলধারার রাজনীতিক মণিকাসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউইয়র্ক সিটিতে প্রায় ২ লাখ বাংলাদেশির বসবাস হলেও এখনো কেউ সিটি কাউন্সিল, স্টেট অ্যাসেম্বলি, সিনেট কিংবা কংগ্রেস নির্বাচনে জয়ী হতে পারেননি।

প্রসঙ্গত, সিলেটের বিশ্বনাথের বিশিষ্ট সমাজসেবক মরহুম মুক্তিযোদ্ধা তজম্মুল আলীর সন্তান হেলাল আবু শেখ বাংলাদেশে এইচএসসি অধ্যয়নকালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজি থেকে কম্পিউটার ইনফরমেশন বিষয়ে স্নাতক করেন। পরে ব্রুকলিন কলেজ থেকে গণিতে মাস্টার্স করেন। এর পর নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের অধীনে পাবলিক স্কুলশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচনের প্রাক্কালে শিক্ষকতা থেকে অবসর নেন তিন সন্তানের জনক হেলাল শেখ। তখন থেকেই পুরোদস্তুর রাজনীতিক জীবন শুরু তাঁর। নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেটের শূন্য পদে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে অংশ নেন। তাঁর স্ত্রী আমেরিকান বোর্ড সার্টিফায়েড মেডিসিন বিশেষজ্ঞ তানিয়া মুকিত শেখ ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন মন্টিফিউর মেডিকেল সেন্টারের মেডিসিন বিভাগের অ্যাটেনডিং ফিজিশিয়ান। তাঁদের তিন সন্তান মাইশা শেখ, মালিহা শেখ ও মেহরান শেখ। মাইশা নিউইয়র্ক সিটির ব্রুকলিন টেকে, মালিহা রকওয়ের স্কলার একডেমিতে এবং মেহরান ওজোন পার্কের পিএস ৬৩-তে পড়াশোনা করছে।