সিনিয়র সেন্টারে মুসলিম রোগীদের সেবায় কাজী কায়্যূম

জ্যাকসন হাইটসের রিগ্যাল হাইটস সিনিয়র রিহ্যাব সেন্টারের মুসলিম রোগীদের ধর্মীয় সেবা দিচ্ছেন ইমাম কাজী কায়্যূম। সেন্টারের পরিচালক মিস বি লাজারোসের অনুরোধে ১১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে একদিন প্রতি সোমবার সকালে এই পরিদর্শন সেবা শুরু করেছেন তিনি।
রোগীদের আধ্যাত্মিক উন্নতি সাধনকল্পে তাঁদের পাশে বসে ধর্মীয় কথাবার্তা বলা, সান্ত্বনা দেওয়া, তাঁদের কোনো প্রশ্ন থাকলে তাঁর উত্তর দেওয়া এবং তাঁদের রোগমুক্তির জন্য দোয়া করাই এই কর্মসূচির মূল লক্ষ্য, যা খুবই মানবিক ও ইসলাম ধর্মীয় সম্মত। সেবা দেওয়ার সময় কোনো কোনো রোগী আবেগে আপ্লুত হয়ে ইমাম কাজী কায়্যূমকে জড়িয়ে ধরে আরও বেশিক্ষণ তাঁদের কাছে বসার আবেদন জানান, যা ছিল সত্যি মর্মস্পর্শী। ইমাম কাজী কায়্যূম তাঁর সেবার প্রথম দিন সেন্টারের মুসলিম রোগীদের পাশে বসে তাঁদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের রোগমুক্তি ও শারীরিক সুস্থতা চেয়ে দোয়া করেন।