সিনিয়র সেন্টারে হালাল খাবার পরিবেশনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামের সঙ্গে অ্যাসালের নেতারা
নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামের সঙ্গে অ্যাসালের নেতারা

নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামের সঙ্গে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিটির চার শতাধিক সিনিয়র সেন্টারে হালাল খাবার পরিবেশনের দাবি জানানো হয়েছে।

৮ অক্টোবর সন্ধ্যায় জুমানি উইলিয়ামের সঙ্গে তাঁর কার্যালয়ে এই বৈঠক করেন অ্যাসালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন ও সেক্রেটারি করিম চৌধুরী। বৈঠকে অ্যাসালের নেতারা বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়ার কথা তুলে ধরে তা বাস্তবায়নে জুমানি উইলিয়ামের দৃষ্টি আকর্ষণ করেন।

নেতারা বলেন, সিটির প্রায় চার শতাধিক সিনিয়র সেন্টারে বিশাল মুসলিম জনগোষ্ঠী থাকলেও তাদের হালাল খাবার সরবরাহ করা হয় না। এসব সিনিয়র সেন্টারের মুসলিমদের হালাল খাবার পরিবেশনের দাবি জানানো হয় অ্যাসালের পক্ষ থেকে।

এ সময় অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, ‘আমরা সিটি সার্ভিসে ন্যায্যতার দাবি করছি। আমরা চাই সব ক্ষেত্রে সিটির জনসংখ্যা উপাত্ত প্রতিবিম্বিত নীতি অনুসরণে পিএ অফিস নেতৃত্ব দেবে। নগর পরিষেবা অবশ্যই এই সিটিতে বসবাসকারী সবার জন্য সমভাবে প্রযোজ্য হবে।

বৈঠকে অ্যাসালের পক্ষ থেকে দক্ষিণ এশীয়দের ডোমেস্টিক ভায়োলেন্স শেল্টার, ফস্টার কেয়ার এবং সিনিয়র সেন্টারে দক্ষিণ এশীয়দের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রয়োজনগুলোকে বিবেচনায় এনে নীতি প্রবর্তনের পরামর্শ দেওয়া হয় পিএ অফিসকে। পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়াম তাৎক্ষণিকভাবে তাঁর ডেপুটি পাবলিক অ্যাডভোকেট ও সংশ্লিষ্ট পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে অ্যাসাল সেক্রেটারি করিম চৌধুরী বলেন, সিটি দক্ষিণ এশীয় এবং অন্যান্য জাতিগোষ্ঠীগুলোকে বৈধ ও যথাযথ প্রাপ্য সুবিধাগুলো থেকে বঞ্চিত করে আসছে যা নীতিগতভাবে দক্ষিণ এশীয় এবং অন্যান্য বহু জাতিগোষ্ঠীকে উপযুক্ত নগর পরিষেবা গ্রহণ থেকে বঞ্চিত করে। সিটিকে অবশ্যই এই বৈষম্যমূলক নীতি বন্ধ করতে হবে এবং এমন নীতি গ্রহণ করতে হবে যাতে দক্ষিণ এশীয় এবং অন্যান্য নৃগোষ্ঠী সিটির পরিষেবা ন্যায্যভাবে পেতে পারে।

বৈঠকে অ্যাসালের নেতারা আসন্ন আদমশুমারিতে দক্ষিণ এশীয়দের সর্বাধিক অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পিএকে অবহিত করেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ডেপুটি পাবলিক অ্যাডভোকেট কাশিফ হুসেন, রমা ইসা-ইব্রাহিম ও জামায়লা রোজ।