সিনেটর জন ম্যাককেইন ক্যানসার চিকিৎসা বন্ধ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাককেইন
ম্যাককেইন

সিনেটর জন ম্যাককেইন তাঁর মস্তিষ্কে ক্যানসারের চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এক বছরের বেশি সময় যাবৎ তিনি এই অসুখে ভুগছেন। সিএনএন জানায়, গতকাল শুক্রবার ম্যাককেইনের পরিবার থেকে এক ঘোষণায় এ কথা বলা হয়। ঘোষণাটি ভিয়েতনাম যুদ্ধের বীর সৈনিক ও বর্ষীয়ান এই রিপাবলিকান রাজনীতিকের সম্মানে বিরল দ্বিদলীয় সহানুভূতির জন্ম দেয়।

৮১ বছর বয়সী অ্যারিজোনা সিনেটর ম্যাককেইন অসুখের বিরুদ্ধে লড়াই করার জন্য লোকচক্ষুর অন্তরালে যাওয়ার পর থেকেই তাঁর সহকর্মীরা দুঃসংবাদটির জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করছিলেন। তারপরও শুক্রবারের খবরটি তাঁদের বিচলিত করে। এটি কার্যকরভাবে একটি বর্ণাঢ্য জাতীয় রাজনৈতিক জীবনে যতি টানছে। ম্যাককেইন দুবার প্রেসিডেন্ট পদের জন্য ব্যর্থ প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কঠোর সমালোচক।

ম্যাককেইন পরিবারের ঘোষণায় বলা হয়, ‘গত গ্রীষ্মে সিনেটর জন ম্যাককেইন আমেরিকানদের সঙ্গে একটি সংবাদ শেয়ার করেন, যা আমরা আগে থেকেই জানি: তাঁর মস্তিষ্কে একটি আগ্রাসী ক্যানসার ধরা পড়েছে এবং এটি খুব খারাপ অবস্থায় আছে। সেই থেকে জন তাঁর জীবনের জন্য লড়াইয়ে সব প্রত্যাশা ছাড়িয়ে গেছেন। কিন্তু অসুখের অবনতি ও বয়সের অপ্রতিরোধ্য সম্মুখ গতি তাদের রায় জানিয়ে দিয়েছে। তাঁর স্বভাবজাত ইচ্ছাশক্তির জোরে তিনি এখন চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।’

কংগ্রেস নেতারা তাৎক্ষণিকভাবে সহানুভূতি জানান। সিনেট মেজরটি নেতা মিচ ম্যাককনেল খবরটি ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে অভিহিত করেন। হাউস স্পিকার পল রায়ান টুইট করেন, ‘সমগ্র হাউস এই সময়ে জন ও তাঁর পরিবারকে আমাদের প্রার্থনায় রাখছে।’ ডেমোক্রেটিক সিনেট মাইনরিটি নেতা চাক শুমার টুইট করেন তাঁর ‘চিন্তা ও প্রার্থনা’ সিনেটর ম্যাককেইন ও তাঁর পরিবারের সঙ্গে রয়েছে।