হিলারির রানিং-মেট সিনেটর টিম কেইন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন ভার্জিনিয়ার সাবেক গভর্নর ও বর্তমান সিনেটর টিম কেইনকে তাঁর ‘রানিং-মেট’ অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন। গত শুক্রবার হিলারি ক্লিনটন এক টুইটার বার্তায় নিজের সমর্থকদের কাছে তাঁর সিদ্ধান্তের কথা জানান।
অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন, সিনেটর কেইন হিলারির জন্য ‘অত্যন্ত নিরাপদ’ বাছাই। মধ্যপন্থী হিসেবে পরিচিত এবং নিজ রাজ্যে অত্যন্ত জনপ্রিয় এই রাজনীতিক ভার্জিনিয়াকে হিলারির বিজয়ের খাতায় তুলে আনতে সাহায্য করবেন—এই বিবেচনা সাবেক ফার্স্ট লেডির সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে বলে ভাবা হচ্ছে। তবে উদার বাণিজ্যনীতির সমর্থক কেইনের নির্বাচন ডেমোক্রেটিক পার্টির বামপন্থী অংশের কাছে আশাভঙ্গের কারণ হয়েছে। স্বঘোষিত সমাজতন্ত্রী সিনেটর বার্নি স্যান্ডার্স ও তাঁর সমর্থকেরা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির বিরোধিতা করেছেন। হিলারি নিজেও তাঁর পূর্বাবস্থান বদলে এখন এই চুক্তির বিরোধিতা করেছেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি বরাবর বলে এসেছেন, তিনি এমন একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিজের রানিং-মেট হিসেবে দেখতে চান, যিনি প্রয়োজন পড়লে অনায়াসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হবেন। অভিজ্ঞ রাজনীতিক কেইন অবশ্যই তাঁর সেই শর্ত পূরণে সক্ষম। প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভার্জিনিয়ার বর্তমান গভর্নর টেরি ম্যাকলিফ কেইনের মনোনয়নের পক্ষে হিলারিকে পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে।