সিনেটর লুইসের হস্তক্ষেপে ভিসা পেলেন ফারজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর লুইস সেপুলভিদার সরাসরি হস্তক্ষেপে শেষ পর্যন্ত মার্কিন ভিসা পেলেন বাংলাদেশের মেয়ে ফারজানা।

ফারজানার বাবা নিজাম উদ্দীন থাকেন ব্রঙ্কসের গ্র্যান্ড অ্যাভিনিউতে। দীর্ঘদিন ধরে লিভার ও কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শেষ ইচ্ছা—বাংলাদেশে অবস্থানরত বড় মেয়েকে একবার দেখা।

কিন্তু বড় মেয়ে ফারজানা বাংলাদেশে মার্কিন দূতাবাসে বারবার ভিসার আবেদন করেও সাড়া পাচ্ছিলেন না। প্রত্যাখ্যাত হচ্ছিল তাঁর আবেদন। চিকিৎসকের দেওয়া সনদেও মন গলছিল না ভিসা কর্মকর্তাদের। এদিকে গত সপ্তাহে কোমায় চলে যান নিজাম উদ্দীন। ক্যানসারের চতুর্থ ধাপে থাকা নিজাম উদ্দীনের প্রাণ সংশয় দেখা দেয়।

এই খবর পেয়ে বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য দিশেহারা হয়ে পড়েন ফারজানা। ব্রঙ্কসে বসবাসরত তাঁর বড় মেয়ে যোগাযোগ করেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভিদার সঙ্গে। সেই মানবিক আবেদনে সাড়া দেন সিনেটর লুইস। নতুন করে ভিসার আবেদন করতে বলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করে জানান, মৃত্যুপথযাত্রী নিজাম উদ্দীনের শেষ ইচ্ছার কথা। মন গলল কর্মকর্তাদের। অবশেষে ২০ সেপ্টেম্বর দূতাবাস থেকে কল করা হয় ফারজানাকে। তাঁকে ডেকে এনে কোনো সাক্ষাৎকার ছাড়াই ভিসা দেওয়া হয় তাঁকে।

ফারজানার পরিবার কৃতজ্ঞতা সিনেটর লুইস সেপুলভিদাকে এ সহায়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে।