সিনেটর সেজে কৌতুক অভিনেতা ফোনে কথা বললেন ট্রাম্পের সঙ্গে

যুক্তরাষ্ট্রের একজন কৌতুক অভিনেতা সিনেটর সেজে ফোন করে বোকা বানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গত বুধবার রাতে নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের ফার্গোতে সমাবেশ শেষে এয়ার ফোর্স ওয়ানে চড়ে ফেরার পথে এই ফোন পান ট্রাম্প। এ ধরনের ফোনের কথা স্বীকার করেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যে কৌতুক অভিনেতা এই ফোনটি করেছিলেন তিনি হলেন জন মেলেনডেজ। তিনি একাধারে কণ্ঠ পরিবর্তন করে একবার নিউ জার্সি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেটর বব মেনেনডেজের সহকারী সেজে, আরেকবার মেনেনডেজ সেজে ফোনে কথা বলেন। তিনি জানিয়েছেন, ফিরতি ফোনে তিনি প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনার ও ট্রাম্পের সঙ্গে কথা বলেন।
নিউ জার্সির ডেমোক্রেটিক পার্টির সিনেটর বব মেনেনডেজ দীর্ঘদিন ধরে অভিবাসন নীতি সংস্কারের ওপর প্রচার চালাচ্ছেন। তাই এই সময়ে তাঁর ফোন পাওয়াকে হয়তো স্বাভাবিক বলেই ধরে নিয়েছিলেন ট্রাম্প। কারণ এই মুহূর্তে ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। মেক্সিকো সীমান্তে অভিবাসনের প্রত্যাশায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের কাছ থেকে তাঁদের সন্তানদের বিচ্ছিন্ন করার নীতি নিয়ে কঠোর সমালোচনার মধ্যে পড়েন ট্রাম্প। পরে তিনি এক নির্বাহী আদেশে মা-বাবার সঙ্গে সন্তানদের আটক রাখার নির্দেশ দেন।
কৌতুক অভিনেতা মেলেনডেজ স্টাটারিং জন (তোতলা জন) নামে বেশি পরিচিত। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপ রেকর্ড করে তা প্রচার করেন।
এ ফোনের ব্যাপারে হোয়াইট হাউস কর্তৃপক্ষ সিএনএনকে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প চান সিনেটের সব সদস্য যেন সহজে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ কারণে কখনো প্রেসিডেন্টের চ্যানেলগুলো এত বেশি উন্মুক্ত থাকে যে এ ধরনের ভুল মাঝেমধ্যে হয়ে থাকে।
রেকর্ড করা ফোনালাপ থেকে শোনা যায়, সিনেটর মেনেনডেজ ২০১৭ সালের এক ঘুষ কেলেঙ্কারির মামলা থেকে খালাস পাওয়ায় তাঁকে ট্রাম্প অভিনন্দন জানান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একজন চক্ষু চিকিৎসকের কাছ থেকে তিনি উপহার নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
ফোনে কৌতুক অভিনেতা মেলেনডেজের সঙ্গে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতির পদ শূন্য হওয়া নিয়েও ট্রাম্পকে আলোচনা করতে শোনা যায়। আগামী মাসের শুরুতে বিচারপতি অ্যান্টনি কেনেডি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ায় পদটি শূন্য হতে যাচ্ছে। ১০ থেকে ১৪ দিনের মধ্যে শূন্য পদে নতুন বিচারক নিয়োগ করবেন বলে ফোনে জানান ট্রাম্প।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার হোয়াইট হাউস ফোনের ব্যাপারে যাচাই করতে সিনেটর মেনেনডেজের কার্যালয়ে খোঁজ করলে তাঁর (মেনেনডেজ) কর্মীরা হতবাক হয়ে যান।
এদিকে কৌতুক অভিনেতা মেলেনডেজ বলেন, তাঁর ফোনের পরিকল্পনা খুব সহজেই ভেস্তে যেতে পারত। সিএনএনকে তিনি বলেন, ‘তাঁরা যদি শুধু আমার কাছে জানতে চাইতেন, সিনেটর মেনেনডেজ কোন দলের অথবা তিনি কোন অঙ্গরাজ্যের সিনেটর, আমি জবাব দিতে পারতাম না। কিন্তু তাঁরা আমাকে এর কিছুই জিজ্ঞেস করেননি।’
মেলেনডেজ বলেন, ‘আমি খুবই বিস্মিত হয়েছি...আমি কৌতুক অভিনেতা, অনুষ্ঠানের জন্য বোকা লোক হিসেবে আমি এটা করেছি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না, এয়ার ফোর্স ওয়ানে জারেড কুশনার ও ডোনাল্ড ট্রাম্পকে ফোনে পেতে আমার মাত্র দেড় ঘণ্টা সময় লেগেছে।’
মেলেনডেজ বলেন, শুরুতে যখন তিনি হোয়াইট হাউসে ফোন করেন, তখন প্রকৃত পরিচয় জানানোর ব্যাপারে সৎ ছিলেন। তবে ওই সময় হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানায়, ট্রাম্প ব্যস্ত আছেন। ফলে তিনি আবার ফোন করেন। প্রথমে সিনেটর মেনেনডেজের ভুয়া সহকারী শ্যন মুর নামে কণ্ঠ পরিবর্তন করে কথা বলেন।
মেলেনডেজ বলেন, ‘সহকারী হিসেবে কথা বলার সময় আমি কণ্ঠ পরিবর্তন করি। ফোনে নিজেকে মেনেনডেজের সহকারী পরিচয় দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাই। তাঁরা জানান, আমাকে ফিরতি ফোন করা হবে এবং তাঁরা মুঠোফোনে ফিরতি ফোন করেন।’
তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ফোন ধরার সঙ্গে সঙ্গেই আমি কথা বলা শুরু করি। কথা বলার সময় আমি তাঁকে একবারও বলিনি যে আমি সিনেটর মেনেনডেজ। আমি শুধু লং আইল্যান্ডের (নিউইয়র্কের কাছাকাছি স্থান) উচ্চারণে কথা বলে গেছি। রেকর্ডে আপনারা আমার সেই বাজে উচ্চারণ শুনেছেন।’