সিনেটর সেপুলভেদা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস আর সেপুলভেদা

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে নিউইয়র্ক রাজ্যের ডেমোক্র্যাট সিনেটর লুইস আর সেপুলভেদাকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্ত্রীর করা অভিযোগের প্রেক্ষিতে ১২ জানুয়ারি ব্রঙ্কস থেকে লুইস সেপুলভেদাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযোগে লুইস সেপুলভেদাকে রাজ্য সিনেটের অপরাধ ও সংশোধন কমিটির সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সিনেটর লুইসের বিয়ে বিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে এই হত্যা চেষ্টার অভিযোগ উঠল। এনওয়াইপিডির মুখপাত্র সোফিয়া ম্যাসন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ আরও জানিয়েছে, ৯ জানুয়ারি ভোরে ব্রঙ্কসে ওয়েস্ট ফার্মের বাসায় লুইসের সঙ্গে তাঁর স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লুইস তাঁর স্ত্রীর গলা চেপে ধরেন। ৯১১-এ ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে লুইস ও তাঁর স্ত্রী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।

পুলিশ দুজনের কাছ থেকে অভিযোগ নিলেও লুইসের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হবে কিনা, তা নিশ্চিত করেনি।