সিনেটে টিকবে ট্রাম্পের স্বাস্থ্যবিমা আইন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাত বছর চেষ্টার পর মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টি অবশেষে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন বিভাগীয় অর্জন, ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্যবিমা আইন বাতিল করতে সক্ষম হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে উতরে গেলেও উচ্চকক্ষ সিনেটে এর ভবিষ্যৎ নিয়ে সব মহলই সন্দিহান।

প্রতিনিধি পরিষদে ওবামাকেয়ার আইন বাতিল ও নতুন আইন পাসের জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ২১৬ ভোট। গত বৃহস্পতিবার অতিরিক্ত মাত্র ১ ভোটের জোরে, ২১৭-২১৩ ভোটে খসড়া আইনটি গৃহীত হয়। ডেমোক্রেটিক পার্টির কোনো সদস্যই এর পক্ষে ভোট দেননি। খোদ রিপাবলিকান পার্টিরই ২০ জন আইনটির বিপক্ষে ভোট দেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান পার্টি এই ভোটকে বড় বিজয় বলে দাবি করেছেন। গত দেড় মাসে আরও দুবার তাঁরা ওবামাকেয়ার বাতিলের চেষ্টা করে ব্যর্থ হন।

নিয়ম অনুসারে কংগ্রেসের উভয় কক্ষের সমর্থন পাওয়ার পরই কেবল কোনো আইন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়। ট্রাম্প নিজে বলেছেন, তাঁর দৃঢ় বিশ্বাস, আইনটি সিনেটে গৃহীত হবে। তবে রক্ষণশীল জনা বারো সিনেটর বলেছেন, যে ভাষায় প্রস্তাবিত আইনটি প্রতিনিধি পরিষদে গৃহীত হয়েছে, অবিকল সেই ভাষায় তা সিনেটে গৃহীত হওয়ার সম্ভাবনা কার্যত নেই। টেনেসির রিপাবলিকান সিনেটর লামার আলেক্সান্ডার বলেন, সিনেটের জন্য তাঁরা নতুনভাবে আইনটি প্রস্তুত করবেন।

কংগ্রেসের ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটে এই মুহূর্তে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে ৪৮টি ভোট। চলতি নিয়ম অনুযায়ী, বড় ধরনের নীতিগত পরিবর্তনের এমন কোনো আইন সিনেটে গৃহীত হতে হলে ন্যূনতম ৬০টি ভোট প্রয়োজন। একমাত্র মন্টানার সিনেটর জন টেস্টার ছাড়া এখন পর্যন্ত কোনো ডেমোক্রেটিক সিনেটর নতুন আইনে সমর্থন দেওয়ার ইঙ্গিত দেননি। প্রচলিত নিয়মে প্রতিনিধি পরিষদ ও সিনেটে প্রস্তাবিত আইনটি ভিন্ন ভিন্ন ভাবে গৃহীত হলে ‘সমঝোতার’ মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত।

ওবামাকেয়ারের অন্যতম বৈশিষ্ট্য ছিল, বিমা চুক্তির আগে থেকে অসুখ রয়েছে এমন কাউকে বিমা অস্বীকার করা যাবে না। এরা যাতে বিমাভুক্ত হয়, সে জন্য বড় ধরনের সরকারি ভর্তুকির ব্যবস্থা ছিল। মধ্যপন্থী রিপাবলিকানদের খুশি করতে নতুন আইনেও তা রাখা হয়েছে, তবে পরিমাণ আগের চেয়ে অনেক কম। তা ছাড়া এই আইনে অঙ্গরাজ্যগুলোকে ভর্তুকি দেওয়ার নিয়ম বাতিলের পাশাপাশি বিমা কোম্পানিগুলোকে বাড়তি প্রিমিয়াম ধার্যের সুযোগ দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে কম বিত্তবান অনেক নাগরিক বিমা ব্যবস্থার আওতা থেকে ছিটকে পড়বেন। কংগ্রেসের নিজস্ব বাজেট অফিস জানিয়েছে, নতুন যে প্রস্তাবিত আইন পাস হলো, তার ফলে বিপুলসংখ্যক নাগরিকের স্বাস্থ্যবিমা বাতিল, অথবা তার খরচ বহুলাংশে বেড়ে যেতে পারে।

নতুন আইনে অধিক বিত্তবানদের জন্য অতিরিক্ত কর রেয়াতের সুযোগ রাখা হয়েছে। ওবামাকেয়ারে সবার জন্য বিমা বাধ্যতামূলক রাখা হয়েছিল, যারা বিমা নেবে না তাদের জন্য জরিমানা ধার্য ছিল। নতুন আইনে সেই ‘ম্যান্ডেট’ বাতিল করা হয়েছে।

অধিকাংশ বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের স্বাস্থ্যসেবা আইন কার্যকর হলে দরিদ্র ও বৃদ্ধ মার্কিনদের সংকট বাড়বে। নিউইয়র্ক টাইমস-এর হিসাব অনুসারে, ১৮ বছর বয়সী তরুণের তুলনায় ৬৪ বছর বয়সী একজন প্রবীণ ব্যক্তিকে স্বাস্থ্যবিমা বাবদ প্রায় পাঁচ গুণ বেশি ব্যয় করতে হবে।