সিনেটে ভোটের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের গৃহীত স্বাস্থ্যসেবা বিল বাতিল করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত স্বাস্থ্যসেবা বিল নিয়ে সিনেটে আনুষ্ঠানিকভাবে বিতর্ক শুরু হয়েছে।

এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা কর্মসূচি পাল্টে ট্রাম্পের নতুন ওই কর্মসূচি চালু করার প্রচেষ্টা রিপাবলিকান পার্টির ভেতরের বিভক্তির কারণে মুখ থুবড়ে পড়ে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যেসব গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অন্যতম ছিল ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যসেবা কর্মসূচি চালুর বিষয়টি। তাঁর কথায়, পূর্বসূরি ওবামার স্বাস্থ্যসেবা কর্মসূচিতে মার্কিন নাগরিকেরা ‘নির্যাতিত’ হচ্ছেন।

গত মঙ্গলবার রাতে সিনেট ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিলের ওপর বিতর্ক ও ভোটের প্রক্রিয়া শুরু করেছে। এর আগে ওই দিনই ওবামাকেয়ার বাতিল ও প্রতিস্থাপন করা নিয়ে প্রথম সংশোধনী প্রস্তাবের ওপর অনুষ্ঠিত ভোটে নয়জন রিপাবলিকান সিনেটর ‘না’ ভোট দেন। প্রস্তাবটি তোলেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল।

এ সংশোধনী প্রস্তাবে মার্কিন নাগরিকদের স্বাস্থ্যবিমা ও নিম্ন আয়ের বিভিন্ন গোষ্ঠীর ভর্তুকি কমানোর কথা বলা হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ার ফলে ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিলের ওপর বিতর্ক ও ভোটাভুটির প্রক্রিয়া শুরু হয়।

এর আগে ট্রাম্প রিপাবলিকান সিনেটরদের প্রতি তাঁর স্বাস্থ্যসেবা বিল পাসে যথেষ্ট পদক্ষেপ না নিলে এর সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে হুঁশিয়ার করে দেন। মঙ্গলবার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভোট পড়লেও রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সমর্থনসূচক ভোটে তা নিষ্পত্তি হয়।

প্রস্তাবের পক্ষে ভোট দিতে এদিন কংগ্রেসের সিনেটে উপস্থিত হন মস্তিষ্কে গুরুতর টিউমারে আক্রান্ত প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। ভোটে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে অ্যারিজোনার এই সিনেটরসহ অন্য রিপাবলিকানদের ধন্যবাদ জানান।

সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষ নয়: ট্রাম্প

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষের কোনো স্থান নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার টুইটারে তিনি বলেন, সামরিক বাহিনীর জেনারেল এবং সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের গ্রহণ করা হবে না। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনীর দৃষ্টি অবশ্যই চূড়ান্ত ও অভাবনীয় জয়ের দিকে থাকতে হবে। তৃতীয় লিঙ্গের মানুষের কারণে তাদের ওপর বিপুল চিকিৎসা ব্যয় চাপানো যায় না এবং তাদের কাজে বিঘ্ন ঘটতে দেওয়া যায় না।’