সিনেটের ১০ আসনে কিঠন লড়াই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট ১০০ আসনের মধ্যে ৩৬টিতে মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে ১০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। কাল মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর এএফপির।
মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ৩৬ আসন ছাড়াও আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের সবগুলোতে এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদের জন্য ভোট দেবেন নাগরিকেরা। সিনেটে বর্তমানে প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক পার্টির ৫৩ ও রিপাবলিকান পার্টির ৪৫ আসন রয়েছে। অন্য দুটি আসনে স্বতন্ত্র সিনেটর আছেন, তবে তাঁরা ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দিয়েছেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২৩৩ ও ডেমোক্র্যাটদের ১৯৯ আসন রয়েছে। এখানে তিনটি আসন শূন্য রয়েছে।
সিনেটের যে ৩৬ আসনে নির্বাচন হচ্ছে, তার ২১টিই ডেমোক্রেটিক পার্টির দখলে রয়েছে। বাকি ১৫টি রয়েছে রিপাবলিকানদের দখলে। রিপাবলিকানরা তাঁদের বর্তমান আসনগুলো ধরে রাখতে পারলে সিনেটের নিয়ন্ত্রণ নিতে আর মাত্র ছয়টি আসনের প্রয়োজন হবে। এর মধ্যে বর্তমানে ডেমোক্র্যাটদের দখলে থাকা মন্টানা, সাউথ ডাকোটা ও ওয়েস্ট ভার্জিনিয়ার আসনগুলো রিপাবলিকানরা পাচ্ছে এটা প্রায় নিশ্চিত। সেই হিসেবে সিনেটের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের মাত্র তিনটি আসন প্রয়োজন হবে।
তবে মধ্যবর্তী নির্বাচনে সিনেটের দশটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সেই অঙ্গরাজ্যগুলো হলো: কেন্টাকি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নিউ হ্যাম্পশায়ার, ক্যানসাস, আরকান’স, লুইজিয়ানা, কলোরাডো, আইওয়া ও আলাস্কা।
রক্ষণশীল অঙ্গরাজ্য বলে পরিচিত কেন্টাকিতে সিনেটর পদে ডেমোক্র্যাট নেতা অ্যালিসন লুন্ডারগ্রান গ্রাইমসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান নেতা ও বর্তমান সিনেটর মিচ ম্যাককনেল। এখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা চালান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, কেন্টাকির বাসিন্দাদের মধ্যে ৬০ শতাংশই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অপছন্দ করেন।
জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডিউ ও ডেমোক্র্যাট মিশেল নান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে উদারপন্থী প্রার্থী আমান্ডা সফোর্ডের পক্ষেও বেশ সমর্থন আছে বলে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না-ও পেতে পারেন। সে ক্ষেত্রে ৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ভোট হবে।
নর্থ ক্যারোলাইনার দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেতা ও বর্তমান সিনেটর কে হেগান এবং রিপাবলিকান নেতা টম টিলিস। ওবামা ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে খুব কম ব্যবধানে এখানে জিতেছিলেন। কিন্তু ২০১২ সালে হেরে যান। তাই তাঁর দলের প্রার্থী হেগানের জয় পাওয়াও কঠিন হবে বলে বিশ্লেষকদের ধারণা।
নিউ হ্যাম্পশায়ার ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ঘাঁটি বলে পরিচিত হলেও এবার কঠোর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। এখানে ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিনের বিপরীতে লড়ছেন রিপাবলিকান স্কট ব্রাউন।
ক্যানসাসে রিপাবলিকান নেতা ও বর্তমান সিনেটর প্যাট রবার্টসকে দারুণ চ্যালেঞ্জের মুখে ফেলেছেন স্বতন্ত্র প্রার্থী গ্রেগ অরম্যান। এখানে ডেমোক্র্যাট কোনো প্রার্থী নেই বলে ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা অরম্যানকেই বেছে নেবেন। এ কারণে তাঁরই জয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা।
৪৩৫ আসনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। সবগুলো আসনেই নির্বাচন হবে
১০০ আসন রয়েছে উচ্চকক্ষ সিনেটে। নির্বাচন হবে এর ৩৬ আসনে
৫০টি গভর্নর পদের মধ্যে নির্বাচন হচ্ছে ৩৬টিতে