সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় হচ্ছে বাফেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফেলো শহরের নায়াগ্রা ফলস যাওয়ার আগে গ্র্যান্ড আইল্যান্ড ব্রিজে গত রোববার হয়ে গেল ‘এ কোয়াইট প্লেস পার্ট টু’ নামে একটি হলিউড সিনেমার কিছু দৃশ্যের শুটিং। এ সিনেমার শুটিংয়ের জন্য ব্রিজটি রোববার বন্ধ ছিল। শুধু এ সিনেমাই নয়, হলিউডের অনেক সিনেমার জন্যই শুটিং স্পট হিসেবে বাফেলোর বিভিন্ন স্থান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

এ কোয়াইট প্লেস পার্ট টু-সিনেমার পরিচালক জন ক্রাসিনস্কি। এর শুটিং স্পট নির্বাচন করার ব্যবস্থাপক জো মুলানে বলেন, ‘আমরা মাঝরাতের দিকে সেতুটি বন্ধ করেছিলাম। সূর্যোদয় থেকে শুটিংয়ের কাজ শুরু করে সকাল ১০টায় শেষ করেছি আমরা। এখানে এমন কিছু দৃশ্য ধারণ করা হয়েছে, যা অন্য জায়গায় আমরা খুঁজে পাইনি।’

বাফেলো নায়াগ্রা ফিল্মের কমিশনার টিম ক্লার্ক বলেন, ‘এটা সম্ভব হয়েছে বাফেলো তথা ওয়েস্টার্ন নিউইয়র্কের বাসিন্দাদের আন্তরিকতা, বন্ধুপরায়ণ মনোভাব, কর্মতৎপরতাই এর কারণে। হলিউড সিনেমায় বাফেলো ব্যাপক সাড়া ফেলেছে। শুধু এ ছবিই নয় ২০২০ সাল নাগাদ আরও বড় বড় ছবির শুটিং হতে যাচ্ছে বাফেলোতে।’

বাফেলো শহরের মেয়র বায়রন ডব্লিউ ব্রাউন প্রশাসনের সবার এমন প্রচেষ্টার জন্য সবাইকে অভিনন্দন জানান। বাফেলো শহরকে সিনেমার শুটিংয়ের জন্য আমেরিকার অন্যতম অনুকূল শহর হিসেবে গড়ে তোলায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে চলচ্চিত্র পরিচালকদের তিনি বাফেলোতে আসার আহ্বান জানান।