সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমনে সিরিয়ার একটি গ্রামে গতকাল শুক্রবার রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তাল তামর গ্রামে এ হামলা চালানো হয় বলে জানায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, আইএসের উত্থানের পর তাদের বিরুদ্ধে এটিই মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রথম হামলা। ওই এলাকার কুর্দি যোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হামলায় কোনো হতাহতের খবর জানা যায়নি। ওই গ্রামে আইএসের অবস্থানের বা ঘাঁটির খুব কাছেই এ হামলা চালানো হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়।
এ হামলার কয়েক ঘণ্টা আগে তাল তামর ও পাশের সীমান্ত রাস আল-আইন শহরে আইএসের বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধারা এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সিরিয়ার হাসাকেহ প্রদেশের অন্যান্য গ্রামের মতো তাল তামর গ্রামটিতে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হামলা চালায় আইএস। ২০০ অ্যাসিরীয় খ্রিষ্টান অধ্যুষিত ওই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাকে আটক ও অপহরণ করা হয়। এ ঘটনার পর নিরাপদ আশ্রয়ের আশায় ওই গ্রামের হাজারো বাসিন্দা আশপাশের শহরগুলোতে পালিয়ে গেছে।