সিরিয়ায় সেনা পাঠাতে চেয়ে অঙ্গীকার ভঙ্গ করিনি: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সোমবার বলেছেন, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সেনা পাঠানোর কথা বলে তিনি কোনো অঙ্গীকার ভঙ্গ করেননি। কারণ তিনি সম্মুখযুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় সেনা পাঠাচ্ছেন না। খবর রয়টার্সের।
সম্প্রতি সিরিয়া সংকট নিয়ে অস্ট্রিয়ার ভিয়েনায় যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ ১৭ দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পর গত শুক্রবার যুক্তরাষ্ট্র সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীদের পরামর্শ ও সহায়তা দেওয়ার জন্য সেনাদল পাঠানোর ঘোষণা দেয়। ওই ঘোষণার পর অভিযোগ ওঠে, মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার বিষয়ে এর আগে যে অঙ্গীকার করেছিলেন, তা ভঙ্গ করেছেন।
গত সোমবার এনবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন ওবামা। তিনি বলেন, ‘আমরা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে কোনো মার্কিন সেনা পাঠাচ্ছি না।’ যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ছিল, সিরিয়ায় সম্মুখযুদ্ধে সেনা পাঠাবে না ওয়াশিংটন।
বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ: সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে বিদ্রোহীরা হামলা মোকাবিলায় বেসামরিক বন্দীদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তারা এ ধরনের কাজকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে। গত সপ্তাহে প্রকাশিত কয়েকটি ভিডিও চিত্রে দেখা যায়, সেনা ও বেসামরিক লোকজনের পাশাপাশি বেশ কয়েকজন বন্দীকে খাঁচায় করে ইস্টার্ন গুতা অঞ্চলে নেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, জাইশ আল-ইসলাম নামের একটি শক্তিশালী সংগঠন ওই খাঁচাবন্দী মানুষদের একটি উন্মুক্ত স্থানে রেখে সরকারি বাহিনীর বোমা হামলা মোকাবিলার চেষ্টা করে।