সিরিয়া থেকে মার্কিন সেনা আদৌ প্রত্যাহার হবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী সিরিয়া থেকে সব মার্কিন সেনা কবে প্রত্যাহার হবে? গত বছরের ডিসেম্বরে ট্রাম্প সবাইকে চমকে দিয়ে জানিয়েছিলেন, আমেরিকার সেনাদের সিরিয়া থেকে ফিরিয়ে আনা হবে। ট্রাম্পের ঘোষণায় তাঁর নিজের মন্ত্রিসভার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোও চমকে ওঠে। মন্ত্রিসভার অভ্যন্তরে দেখা দেয় বিষয়টি নিয়ে বড় মতান্তর। রিপাবলিকান দলের পাঁচজন সিনেটর যুক্তভাবে ট্রাম্পকে চিঠি লিখে প্রতিবাদ জানিয়ে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। পেন্টাগন চটে যায়। কিন্তু ট্রাম্প অনড়। যদিও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না।
মন্ত্রিসভায় ট্রাম্পের ঘোষণা কতটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল তা প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের পদত্যাগের মধ্য দিয়ে স্পষ্ট হয়। ইতিপূর্বে আফগানিস্তান থেকেও অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্প ঘোষণা করেছিলেন। কিন্তু তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের বিরোধিতায় তা এখনো তা কার্যকর হয়নি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মত হচ্ছে, আফগানিস্তান, ইরাকসহ পশ্চিম এশিয়ায় মার্কিন প্রভাব আগের তুলনায় অনেক কমে আসছে। সর্বোপরি ন্যাটোবাহিনীতে সেনা রাখার বিপুল ব্যয়ের অধিকাংশই বহন করতে হয় আমেরিকাকে। এই ব্যয়ের বিষয়টিকে প্রধান করে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারের সময় থেকে ন্যাটোর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। এমনটি ন্যাটো ত্যাগের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। যদিও এমন চূড়ান্ত সিদ্ধান্ত তিনি এখনো নেননি। এমনকি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রবণতাও তাঁর নেই। তবে ব্যয় নির্বাহ প্রশ্নে ন্যাটোর অন্য সদস্যদের সমালোচনা তিনি করছেন নিয়ম মেনেই। ইরাক, আফগানিস্তান, সিরিয়াসহ বিভিন্ন দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনে ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছে। যদিও ট্রাম্প সিরিয়ায় তিনি বিজয়ী হয়েছেন মর্মে ঘোষণা দিয়েই সেনা প্রত্যাহারের কথা বলছেন।
সেনা প্রত্যাহারে গোল বেঁধেছে মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মনোভাবে। সিরিয়ায় যে ৩০ হাজার মার্কিন সেনা রয়েছে, তাদের কোনোভাবেই আমেরিকায় ফিরিয়ে আনার পক্ষে নন তিনি। তিনি চান, বিশেষ করে দক্ষিণ সিরিয়ায় যেসব সেনা রয়েছে, তাদের সেই অঞ্চলেই রাখা হোক। এমনকি তিনি কুর্দি প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার না করারও একটি কথা বলেছেন। তবে এই বক্তব্যের পর দিনই ট্রাম্প এর কড়া জবাব দেন। কিন্তু এ পর্যন্তই। সেনা প্রত্যাহারে কার্যকর কোনো পদক্ষেপ তিনি নেননি।
মার্কিন প্রশাসনের বেশ কিছু কর্তাব্যক্তি মনে করেন, সিরিয়ায় সেনা পাঠানো হয়েছে কংগ্রেসের অনুমোদন ব্যতিরেকেই। সেদিকে থেকে দেখতে গেলে সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি অবৈধ। তা ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে কোণঠাসা করা, সেখানে সরকার বদলের যে মতলব এঁটেছিল আমেরিকা, তা বানচাল হয়ে গেছে। আসাদবিরোধী সন্ত্রাসবাদীদের পক্ষে দাঁড়িয়ে আমেরিকার অবস্থান আন্তর্জাতিক পরিসরে আরও বেহাল হয়েছে। তাই সেনা প্রত্যাহার করে নেওয়াই ভালো।
কিন্তু সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস মনে করেন, আফগানিস্তান ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করে বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রভাব ও আধিপত্যকে ক্ষুণ্ন করেছেন ট্রাম্প। এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও সেনা প্রত্যাহারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তাঁদের যুক্তি, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সিরিয়ায় রাশিয়াকে বিজয়ী ঘোষণা করা হলো। প্রশাসনের অভ্যন্তরের এই মতান্তর কতটা সামলাতে পারেন ট্রাম্প সেটাই এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত তিনি মার্কিন সেনাদের দেশে ফেরাতে পারবেন কিনা-এ প্রশ্ন তাই এখন সব মহলে উঠছে।