সিরিয়ায় সহিংসতা কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি পর্যায়ে এসেছে—যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তিটি হচ্ছে না বলে জানিয়েছে দেশটি। এর জন্য মস্কোর ‘পিছিয়ে যাওয়াকে’ দায়ী করেছে ওয়াশিংটন।
চীনে জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার দুপুরে বলেন, সিরিয়া ইস্যুতে মতৈক্যের লক্ষ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ চুক্তির বিষয়ে রোববারই যৌথ ঘোষণা দিতে পারেন। কিন্তু কয়েক ঘণ্টা পরেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চুক্তিটি এখনই হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা যে বিষয়গুলোকে মীমাংসিত হিসেবে ধরে নিয়েছিলাম, সেগুলো থেকে শেষ পর্যন্ত রাশিয়া সরে গেছে।’
গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সামরিক সহায়তা দিচ্ছে মিত্র রাশিয়া। আর যুক্তরাষ্ট্র আসাদবিরোধী জোট এবং কিছু বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে যাচ্ছে। এ রক্তক্ষয়ী সংঘাত সমাধানে বেশ কয়েকবার আন্তর্জাতিক সম্প্রদায় উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
গতকাল জি-২০ সম্মেলন শুরু হওয়ার আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে আলাদাভাবে বৈঠক করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবামা। সেখানে তিনি সিরিয়া প্রসঙ্গে বলেন, এটি খুবই জটিল সমস্যা। সেখানে নানা মতের বাহিনী তৎপর রয়েছে। সবাইকে একটি জায়গায় আনা খুবই কঠিন। তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সংলাপে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
ওবামা বলেন, ‘জন কেরি এবং সেরগেই লাভরভ ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তাঁদের সঙ্গে অন্য আলোচকেরাও সহিংসতা কমানোর আসল পন্থা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা এখনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি।’