সিরিয়া নিয়ে দেওয়া বক্তব্যে আফসোস নেই ওবামার

রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করছেন, এমন ঘোষণা দেওয়া নিয়ে কোনো আফসোস নেই বলে জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সমালোচকেরা মনে করেন, ওবামার ওই মন্তব্যই সিরিয়া সংঘাত নিরসনে মার্কিন ভূমিকার ব্যর্থতার প্রতীক হয়ে আছে।
ক্ষমতা ছাড়ার সপ্তাহ খানেকের কম সময় আগে গত রোববার সিবিএস টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, আগে থেকেই প্রস্তুত করা তাঁর মূল বক্তব্যে রেড লাইন বা চূড়ান্ত সীমা শব্দটি ছিল না। কিন্তু বক্তব্যের সময় তিনি নিজ থেকেই এই শব্দ যুক্ত করে দেন।
ওবামা ২০১২ সালে এ মন্তব্যটি করেছিলেন। রাসায়নিক অস্ত্র ও সিরিয়ার সরকারের প্রসঙ্গটি প্রথমবারের মতো উল্লেখ করা হয়েছিল ওই বছরের আগস্টে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে। ওবামা তখন বলেছিলেন, ‘আমরা আসাদ সরকারের কাছে এটা স্পষ্ট করে বলেছি, যখন আমরা দেখব যে রাসায়নিক অস্ত্র নাড়াচাড়া করা হচ্ছে অথবা ব্যবহার করা হচ্ছে, সেটা তখন আমাদের কাছে চূড়ান্ত সীমা হিসেবেই বিবেচিত হবে।’
ওবামা সে সময়ে ‘রেড লাইন’ অতিক্রম করার জন্য কোনো রকম পরিণতির কথা বলেননি কিংবা বলেননি যে এ ধরনের কিছু ঘটলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থার কথা বিবেচনা করবে। তিনি বলেছিলেন, এ রকমটা হলে তা যুক্তরাষ্ট্রের হিসাব বদলে দেবে।
রোববারের সাক্ষাৎকারে ওবামা বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তখন এই বার্তা দেওয়া আবশ্যক ছিল যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলবে না।
পরে অবশ্য ২০১৩ সালে রাজধানী দামেস্কে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে আসাদ অনুগত সরকারি বাহিনী। এতে চার শ শিশুসহ দেড় হাজার বেসামরিক লোক নিহত হয়েছিলেন। তখন সিরিয়ায় বিমান হামলা চালানোর উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ মুহূর্তে রাশিয়ার মধ্যস্থতায় হামলা থেকে বিরত থাকেন ওবামা। এর পরিবর্তে রাসায়নিক অস্ত্রের নমুনা পরীক্ষার জন্য রাশিয়ায় পাঠানো হয়। এটাকে তখন হোয়াইট হাউসের জন্য খুব অপমানজনক বলে মনে করা হয়।
আর এরপর থেকেই সিরিয়া যুদ্ধের রাশ চলে যায় মস্কোর হাতে। রাশিয়া নিজেই সিরিয়ায় বিমান হামলা চালায়।