সিরিয়ায় অস্ত্রবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র-রাশিয়া

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সহিংসতা নিরসনে নতুন অস্ত্রবিরতি কার্যকর করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হলে সেখানে জঙ্গি দল আইএসের বিরুদ্ধে সমন্বিত সেনা অভিযান চালাবে দুই দেশ।
এএফপির খবরে জানা যায়, গতকাল শুক্রবার দুই দেশের মধ্যে ঐকমত্য হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেন, আগামী সোমবার পবিত্র ঈদুল আজহায় নতুন অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হতে পারে।
গতকাল জেনেভায় রুদ্ধদ্বার বৈঠকে বসে দুই দেশ। সিরিয়ার অস্ত্রবিরতি আবার কার্যকর করা এবং আইএস ও অন্য জঙ্গিদের বিরুদ্ধে সমন্বিত হামলা চালানোর ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে জোর প্রচেষ্টা চালাচ্ছিল রাশিয়া।
অস্ত্রবিরতির ব্যাপারে রাশিয়া যদি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে চাপ দিতে পারে, তাহলে মস্কো ও ওয়াশিংটন জঙ্গিদের বিরুদ্ধে সমন্বিত হামলা চালাবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, জঙ্গিদের ওপর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সমন্বিত হামলা চালাবে। জঙ্গিদের কোন কোন ঘাঁটিতে এই হামলা হবে, সে ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, সিরিয়ায় সহিংসতা নিরসন, দুর্ভোগ লাঘব, শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া শিগগিরই একটি পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে।
সিরিয়ায় মস্কোর ভূমিকা নিয়ে আগে থেকে রুশবিরোধীরা সরব। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এককাট্টা। বাশারের পতনই তাদের কাম্য। অন্যদিকে রাশিয়া বাশারের পক্ষে। এই বিপরীতমুখী অবস্থান নিয়ে একটা টানাপোড়েন রয়েছে। তবে এই ঐকমত্যে টানাপোড়েন কমবে বলে আশা করা হচ্ছে।