সিরিয়ায় আইএস জঙ্গির খোঁজে মার্কিন বিমান
সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের ওপর গোয়েন্দা বিমান দিয়ে নজরদারি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমোদন দেওয়ার পর এই নজরদারি শুরু হয়। মার্কিন কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন। সিরিয়া ইতিমধ্যেই জানিয়েছে, তারা কট্টরপন্থী ওই সুন্নি বাহিনীকে দমনে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায়। খবর এএফপি ও আল-জাজিরার।
নাম প্রকাশ করতে না চাওয়া মার্কিন কর্মকর্তারা সিরিয়ায় গোয়েন্দা বিমান পাঠানোর কথা জানিয়ে বলেছেন, এ জন্য সিরিয়ার অনুমতি চাওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। গোয়েন্দা বিমান ও ড্রোনের মাধ্যমে নজরদারিতে আইএস জঙ্গিদের ওপর মার্কিন বিমান হামলার পথ সুগম হতে পারে। তবে সিরিয়া বলছে, তাদের ভূখণ্ডে কোনো সামরিক পদক্ষেপের জন্য আগে থেকে সমন্বয় করে নিতে হবে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিত মুয়ালেম স্পষ্ট করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের একতরফা সামরিক পদক্ষেপ মেনে নেবে না।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতামূলক অংশীদারিকে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে মূল্যায়ন করবে, তা স্পষ্ট নয়। ২০১১ সালের মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলনকারীদের দমনে প্রেসিডেন্ট বাশারের সরকার কঠোর অবস্থান নিয়ে সমালোচিত হয়েছে।
ইরাক ও সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএস জঙ্গিদের উত্থানে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগের মধ্যে রয়েছে।