সিরিয়ায় আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাকায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে যুক্তরাষ্ট্র আরও ২০০ সেনা পাঠাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এ কথা জানিয়েছেন।

আজ শনিবার বাহরাইনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে কার্টার বলেন, প্রশিক্ষক, পরামর্শকসহ বিশেষ ওই বাহিনীকে সিরিয়ায় পাঠানো হচ্ছে। দলটি ইতিমধ্যে সিরিয়ায় অবস্থানরত ৩০০ সদস্যের মার্কিন বিশেষ বাহিনীর সঙ্গে যোগ দেবে।

বৈঠকে কার্টার বলেন, বাড়তি ২০০ সেনা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে সরঞ্জাম সরবরাহ, প্রশিক্ষণ দেওয়া এবং সংগঠিত করা অব্যাহত রাখবে।

গত মাসে যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি ও আরব যোদ্ধাদের জোট জানিয়েছিল, আইএসের দুর্গ বলে পরিচিত রাকা পুনর্দখলে তারা অভিযান শুরু করেছে। সিরিয়ায় আইএসের তথাকথিত ওই ‘রাজধানী’র উত্তরের এলাকা পুনর্দখল করছে সিরিয়া ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)।

মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই করছে প্রধানত বিমান হামলা চালানোর মাধ্যমে। তবে সিরিয়ায় প্রধানত লড়াই হচ্ছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে তাঁর বিরোধী বিদ্রোহী বাহিনীর।