সিরিয়ায় আরও ২৫০ সেনা পাঠানোর ঘোষণা ওবামার
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) মোকাবিলায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র যোদ্ধাদের বেসামরিক সহায়তা দিতে দেশটিতে আরও ২৫০ জন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তারা মোতায়েন হলে বেসামরিক কাজে সিরিয়ায় মার্কিন সেনার মোট সংখ্যা হবে ৩০০ জন। গতকাল সোমবার জার্মানিতে সফররত ওবামা নতুন সেনা পাঠানোর ঘোষণা দেন।
এর আগে রোববার যুক্তরাজ্যে সফরের সময় ওবামা বিবিসিকে বলেন, বাশার সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র সিরিয়ায় সেনা পাঠাবে না। সেখানে স্থলসেনা পাঠানো ভুল হবে।
জার্মানিতে গতকাল ওবামা বলেন, যারা যাচ্ছে তারা লড়াই করবে না। তারা আইএসের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেবে। নতুন যে সেনাসদস্যদের পাঠানো হচ্ছে, তারা চিকিৎসা এবং অন্যান্য কাজে সহায়তা করবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ায় সেনা পাঠানোর ঘোষণার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আরও শক্তিশালী করে গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, বিশ্বের স্বার্থেই একটি শক্তিশালী এবং একতাবদ্ধ ইউরোপ দরকার।
উত্তর কোরিয়ার প্রস্তাব বাতিল: দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বাতিল করলে পরমাণু পরীক্ষা বন্ধ রাখার যে প্রস্তাব উত্তর কোরিয়া দিয়েছিল, প্রেসিডেন্ট ওবামা তা বাতিল করে দিয়েছেন। গত রোববার ওবামা সাংবাদিকদের উত্তর কোরিয়ার ওই প্রস্তাব সম্পর্কে বলেন, এ ধরনের প্রস্তাব মোটেও গুরুত্বের সঙ্গে তিনি নিচ্ছেন না।